নগ্ন পায়ে জুলিয়া রবার্টসের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগ্ন পায়ে হেঁটে জুলিয়া রবার্টসের প্রতিবাদ। ছবি: এএফপি
নগ্ন পায়ে হেঁটে জুলিয়া রবার্টসের প্রতিবাদ। ছবি: এএফপি

কান উৎসবের গতবারের হিল কাণ্ডটা অনেকের মনে থাকার কথা। শুধু পায়ে হিল জুতা পরে আসেননি বলেই দুই নারীকে লাল গালিচা থেকে ফিরিয়ে দিয়েছিলেন উৎসবের দুই নিরাপত্তাকর্মী। এটা নিয়ে কি বিপত্তিই না ঘটেছিল। তবে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছিল আয়োজকদের। এবারে তারই যেন ভিন্নধর্মী প্রতিবাদ জানালেন অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস। স্রেফ খালি পায়ে লাল গালিচায় হেঁটে এই প্রতিবাদ জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার ‘প্রিটি ওম্যান’ জুলিয়া রবার্টস জোডি ফস্টার পরিচালিত তারকাবহুল মানি মনস্টার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে ঘটিয়েছেন এই অভিনব প্রতিবাদ। এ সময় জুলিয়া রবার্টসের পাশে ছিলেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী আইনজীবী আমাল আলামুদ্দিন। তারাও ব্যাপারটি বুঝতে পারেননি। ৪৮ বছর বয়সী এই তারকা যে হিল পড়েননি তা কেউ বুঝতে পারেননি। গলায় হিরার হার আর কালো গাউন পরে যখন হাঁটা শুরু হলো ব্যাপারটি বোঝা গেল তখনই। গাউন তুলে হাঁটা শুরুর পরই বোঝা গেল তিনি হিল পরেননি। স্রেফ খালি পায়ে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে গেছেন এই অভিনেত্রী।