নতুন নামে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭

তুমুল জনপ্রিয় হলিউডের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সপ্তম ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ নামে। কিন্তু সম্প্রতি ছবির নাম পাল্টে রাখা হয়েছে ফিউরিয়াস ৭। এ ছবির নতুন একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি নতুন নামটি ঘোষণা করেছে এর পরিবেশক সংস্থা ইউনিভার্সেল স্টুডিও। ছবির ফেসবুক পাতায় এ ঘোষণা দেওয়া হয়। এ ছবির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে এর ফেসবুক পাতায়। পোস্টারে ছবির নাম লেখা হয়েছে ফিউরিয়াস ৭। এক খবরে এ তথ্য জানিয়েছে এইস শোবিজ।
ফিউরিয়াস ৭ ছবির ট্রেলার প্রকাশিত হচ্ছে ১ নভেম্বর। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সেল স্টুডিওতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ছবির দুই অভিনয়শিল্পী ভিন ডিজেল ও মিশেল রড্রিগজ। ওই দিন তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
জেমস ওয়ান পরিচালিত ফিউরিয়াস ৭ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডোয়েন জনসন, লুকাস ব্ল্যাক, জেসন স্টেথাম, জর্ডানা ব্রিউস্টার, টাইরিস গিবসন, কার্ট রাসেল, ভারতীয় অভিনেতা আলী ফজল, প্রয়াত পল ওয়াকার প্রমুখ।
ফিউরিয়াস ৭ ছবির শুটিং শেষ হওয়ার আগেই গত বছর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ব্রায়ান ও’কনার চরিত্রে রূপদানকারী পল ওয়াকার। ছবির বেশির ভাগ অংশে অভিনয় করলেও পুরো কাজ শেষ করে যেতে পারেননি পল। তাঁর মৃত্যুতে ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এ অবস্থায় পলের অংশের ছবির শুটিংয়ে অংশ নেন তাঁর দুই ভাই ক্যালেব ও কোডি। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। সম্পাদনাসহ অন্যান্য কাজ শেষে ফিউরিয়াস ৭ মুক্তি পাবে আগামী বছরের ৩ এপ্রিল।