নতুন প্রেমে মজেছেন এমা

হ্যারি পটার সিরিজে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকা বনে যাওয়া এমা ওয়াটসন নতুন করে প্রেমে মজেছেন। ২৮ বছর বয়সী এই তারকাকে সম্প্রতি মেক্সিকোর এক রেস্তোরাঁয় নতুন এক ব্যবসায়ীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
পিপল ডট কমের খবরে বলা হয়েছে, নতুন প্রেমে মজেছেন ২৮ বছর বয়সী এই তারকা। মেক্সিকোতে এক ব্যবসায়ীর সঙ্গের অন্তরঙ্গভাবে দেখা যায় মাত্র ১৫ বছর বয়সেই টিনভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে আসা ওয়াটসনকে। এমার সঙ্গে থাকা মানুষটির নাম ব্র্যানডন ওয়ালেস। ব্যবসায়ী ওয়ালেসের সঙ্গে এমাকে একসঙ্গে দুপুরের খাবার খেতে দেখা যায়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওয়ালেসের হাত ধরে বসে আছেন এমা। এটা উপস্থিত অনেকেই লক্ষ্য করছেন। সেখানেই কেউ গোপনে তাদের সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবিও তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমার নতুন প্রেমের খবর নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।
এমার নতুন প্রেমিক ওয়ালেস নিউইয়র্ক সিটিতে প্রযুক্তি প্রতিষ্ঠান ফিথ ওয়ালের সহপ্রতিষ্ঠাতা। তিনি এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার। এ ছাড়া তিনি লাতিন আমেরিকার সবচেয়ে বড় রাইড শেয়ারিং সার্ভিস ক্যাবিফাইয়েরও সহপ্রতিষ্ঠাতা। তবে এমার সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও কিছু বলেননি ওয়ালেস। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এমারও।
এর আগে ব্রিটিশ অভিনেতা কর্ড ওভার স্ট্রিটের সঙ্গে এর আগে চুটিয়ে প্রেম করেছেন এমা ওয়াটসন। তবে কর্ডের সঙ্গে সেই সম্পর্ক এখন নেই।
২০০৯ সালে দশকের হাইয়েস্ট গ্রসিংস অ্যাকট্রেস হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ তারকা এমার। এমা ওয়াটসন অভিনয়ের পাশাপাশি অংশ নিচ্ছেন মানবিক কর্মকাণ্ডে। জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে লিঙ্গসমতা এবং শিক্ষার সম-অধিকার নিয়ে কাজ করছেন তিনি। শুরুতে অবশ্য ‘সমতা’ শব্দটার সঙ্গে পরিচিত ছিলেন না তিনি। যে সমাজে তিনি বড় হয়েছেন, সেখানে এই শব্দগুলো তেমন উচ্চারিত হয় না। ফলে নতুন করে পড়ালেখা শুরু করলেন তিনি। এ কাজের জন্য একটা বুদ্ধিও বের করলেন। চালু করলেন নিজের বুক ক্লাব ‘আওয়ার শেয়ারড শেলফ’। এ ক্লাবের সদস্য প্রায় ২ লাখ। এখান থেকে বই নিয়ে লোকে পড়ে এবং ‘লিঙ্গ সমতা’ নিয়ে আলোচনা করে। এভাবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে জানাটা সহজ হয়ে যায় তাঁর জন্য।