নতুন বন্ডের রাজকীয় শুভারম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবধূ কেট মিডলটনের সঙ্গে ড্যানিয়েল ক্রেইগ
রাজবধূ কেট মিডলটনের সঙ্গে ড্যানিয়েল ক্রেইগ

ব্রিটিশ রাজপরিবারের ওপর যেন কারও কুনজর না পড়ে, সে চেষ্টা জেমস বন্ড সেই কবে থেকে করে যাচ্ছেন। নিজের জীবন বাজি রেখে কত গোপন মিশনে তিনি রক্ষা করেছেন তাঁর দেশ ও জাতিকে। সেই কাল্পনিক গুপ্তচর জেমস বন্ড আসছেন তাঁর নতুন মিশন নিয়ে। জেমস বন্ড সিরিজের ২৪ তম ছবি স্পেকটর মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। তবে মুক্তির শুভক্ষণে এই ছবির প্রদর্শনীর শুভারম্ভ হলো একেবারে রাজসিকভাবে। গত সোমবার লন্ডনের রয়েল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হলো স্পেকটর ছবির প্রিমিয়ার শো। উদ্বোধনী প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের তিন সদস্য—প্রিন্স উইলিয়াম, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন ও প্রিন্স হ্যারি। মূলত ব্রিটিশ রাজপরিবারের সম্মানেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বন্ডকন্যা লি সিডক্স ও মনিকা বেলুচ্চি
বন্ডকন্যা লি সিডক্স ও মনিকা বেলুচ্চি

অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যদের সঙ্গে স্পেকটর দেখতে হাজির হন ছবির অন্য কলাকুশলীরাও। ছিলেন পরিচালক স্যাম ম্যান্ডেস, অভিনেতা ক্রিস্টোফ ওয়ালৎজ, ডেভ বাতিস্তা, অভিনেত্রী নওমি হ্যারিস ও দুই বন্ডকন্যা মনিকা বেলুচ্চি ও লি সিডক্স। প্রিমিয়ারের দিন সবার আগে লালগালিচায় পা পড়ে জেমস বন্ডখ্যাত ডেনিয়াল ক্রেইগের। সঙ্গে তিনি নিয়ে আসেন তাঁর স্ত্রী অভিনেত্রী র‌্যাচেল ভাইসকেও। এসেই প্রথমে কিছু সময় কাটান ভক্তদের সঙ্গে, যাঁরা একনজর বন্ডকে দেখার জন্য গত শনিবার থেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন রয়েল অ্যালবার্ট হলের বাইরে। এরপর ক্রেইগ প্রিমিয়ারে স্বাগত জানান রাজপরিবারের তিন সদস্যকে। কিছু সময় খোশগল্প করে উইলিয়াম, কেট ও হ্যারিকে নিয়ে ক্রেইগ উপভোগ করেন নতুন বন্ড ছবির প্রথম প্রদর্শনী। এএফপি ও পপসুগার।