নতুন বেশে শিরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেম অব থ্রোনস–এর সপ্তম মৌসুমে এড শিরান
গেম অব থ্রোনস–এর সপ্তম মৌসুমে এড শিরান

আরিয়া স্টার্কের সঙ্গে পথে হঠাৎ দেখা হয়ে গেল এক ব্যক্তির। একটি লোকগান গাইছিলেন তিনি। আরিয়া বলল, ‘গানটা দারুণ।’ গান গাওয়া লোকটি মানে এড বললেন, ‘এটা নতুন গান।’ মার্কিন টিভি সিরিজ গেম অব থ্রোনস-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বের একটি দৃশ্য এটি। বরাবরের মতো আরিয়ার চরিত্রে আছেন মেইসি উইলিয়ামস। অতিথি চরিত্রে অভিনয় করেছেন এড নিজে! এই এড হচ্ছেন গ্র্যামিজয়ী ব্রিটিশ সংগীত তারকা এড শিরান।

আগেই জানা গিয়েছিল, এড শিরানকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সিরিজের সপ্তম মৌসুমে। কিন্তু কোন পর্বে তিনি উপস্থিত হবেন আর কেমন হবে তাঁর সাজপোশাক, তা নিয়ে ভক্তদের ভাবনার হয়তো শেষ ছিল না। উত্তর মিলেছে প্রথম পর্বেই। গত রোববার রাতে সপ্তম মৌসুমের প্রথম পর্বের সম্প্রচার হয় মার্কিন টিভি চ্যানেল এইচবিওতে। এরপরই প্রথম প্রকাশ পায় গেম অব থ্রোনস-এ শিরানের বেশ। তবে এটাই কিন্তু শিরানের প্রথমবার অভিনয় নয়। এর আগে আরেক মার্কিন টিভি সিরিজ দ্য বাস্টার্ড এক্সিকিউশনার-এর পাঁচটি পর্বে দেখা গেছে তাঁকে।

এদিকে যখন খবর বেরিয়েছিল শিরান আসছেন গেম অব থ্রোনস-এ, তখনই কিন্তু মেইসি বলেছিলেন এই ‘শেপ অব ইউ’ গায়কের চরম ভক্ত তিনি। সূত্র: পিপল।