নতুন লারা ক্রফটের ছবি প্রকাশ

২০০১ ও ২০০৩ সালে লারা ক্রফট তথা অ্যাঞ্জেলিনা জোলির ‘টুম্ব রেইডার’ ছবিতে অভিনয় দক্ষতা নিশ্চয়ই কেউ ভুলে যায়নি। এবার পালা অ্যালিসিয়া ভিকান্দারের। দুজনই অস্কারজয়ী। কে কার চেয়ে বেশি ভালো অভিনয় করেন, তা তাঁদের ভক্ত-দর্শকদের ওপর ছেড়ে দেওয়া যাক। অ্যালিসিয়া ‘তুম্ব রেইডার’ ছবির নতুন সংস্করণে প্রধান চরিত্র লারা ক্রফটের চরিত্রে অভিনয় করবেন, এটা তো আগেই জানা। শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে নতুন করে এই নতুন লারা ক্রফট আলোচনায় এসেছেন শুটিংয়ের কিছু ছবি প্রকাশ হওয়ায়।
ছবিগুলোতে দেখা যায়, অ্যালিসিয়া স্টান্ট দৃশ্যে অভিনয় করছেন। আর তাঁর পরনে ছিল জনপ্রিয় গেম টুম্ব রেইডারের লারা ক্রফটের চেনা পোশাক। চুল বাঁধা ছিল সেই পরিচিত স্টাইলে। ২০১৩ সালের গেম সংস্করণের আদলে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যালিসিয়া। আর সেই গেমে লারার যেমন সাজ আর পোশাক ছিল, ঠিক ঠিক তেমনভাবে তৈরি হয়েছেন তিনি। আর নিজেকে সফল লারা হিসেবে প্রমাণ করতে যেন উঠেপড়ে লেগেছেন। শুটিংয়ের সেই সব ছবিই তা বলে দিচ্ছে।
ডেইলি মেইল