নতুন 'স্পাইডারম্যান' টম হল্যান্ড

বয়স তাঁর মাত্র উনিশ। ‘দ্য ইম্পসিবল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন ২০১২ সালে। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও, খুব বেশি খ্যাতি পাননি টম হল্যান্ড। প্রায় অচেনা এই ব্রিটিশ অভিনেতা এবার পর্দা কাঁপাবেন স্পাইডারম্যান হয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি সিরিজের পরবর্তী ছবির কেন্দ্রীয় চরিত্রে তাঁর নাম ঘোষণা করেছে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওস।
‘স্পাইডারম্যান’ সিরিজের শেষ দুটি ছবিতে নাম ভূমিকায় দেখা গেছে ব্রিটিশ-আমেরিকান অভিনেতা এন্ড্রু গারফিল্ডকে। সিরিজের নতুন ছবিতে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন টম হল্যান্ড। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
এ প্রসঙ্গে সনি পিকচার্সের চেয়ারম্যান টম রথম্যান বলেন, ‘আমরা চমৎকার অনেক তরুণ অভিনেতাই দেখেছি। কিন্তু স্ক্রিন টেস্টের সময় টমের মধ্যে বিশেষ কিছু পেয়েছি আমরা। সব মিলিয়ে দারুণ একটা সূচনার অপেক্ষা আছি আমরা।’
‘স্পাইডারম্যান’ সিরিজের পরবর্তী ছবি পরিচালনা করবেন জন ওয়াটস। মুক্তি পাবে ২০১৭ সালে। অবশ্য এখন পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি।