নাও ভাসালেন ক্লুনি-আমাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে ঘোড়ার গাড়ি নয়, অপেক্ষা করছে ওয়াটার ট্যাক্সি। ভেনিসের বিখ্যাত গ্র্যান্ড ক্যানালে নাও ভাসিয়ে নববধূ আমাল আলামুদ্দিনকে নিয়ে গেলেন জর্জ ক্লুনি।
কোথায়? না সাতসমুদ্র তেরো নদী পাড়ি দিলেন না। ১০ মিনিট দূরত্বে আরেকটি হোটেলে গিয়ে উঠলেন।

এখানে চলবে বিয়ে পরবর্তী উৎসব। বিয়ের পর এভাবেই প্রথম জনসমক্ষে ধরা দিলেন তাঁরা।
অপেক্ষা করছিল পাপারাজ্জির দল, ভক্তরা। দুই হাত নেড়ে দুজনই অভিবাদনের জবাব দিলেন। আমালের পরনে লেইস আর ফুলেল নকশার খাটো ফ্রক। ক্লুনি ছিলেন সেই চিরচেনা সুটেড রূপেই। ‘আমালকে দেখাচ্ছিল ঠিক জ্যাকি কেনেডি ওনাসিসের মতো। আমরা তাঁকে ভালোবাসি, যেমনটি বাসেন জর্জও।’ এক প্রতক্ষ্যদর্শী বলেছেন ই-অনলাইনকে।
২৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে বিয়ে করেন অভিনেতা জর্জ ক্লুনি ও আইনজীবী আমাল আলামুদ্দিন।
সূত্র: ই-অনলাইন