নাওমির আক্ষেপ

অ্যাঞ্জেলিনা জোলির মতাদর্শে বিশ্বাসী আরেকজনকে পাওয়া গেল। জোলির মতো নাওমি ওয়াটসও মনে করেন, বড় পরিবারই সুখী পরিবার। অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী সম্প্রতি আক্ষেপ করে বলেছেন, দুটো সন্তানেই তৃপ্ত হতে চাননি তিনি। বয়স যখন আরও কম ছিল, সে সময় আরও কয়েকটি সন্তান নিলেই ভালো করতেন। ঘরময় কাচ্চাবাচ্চার হইহুল্লোড়েই তো আসল সুখ!
সাত বছর বয়সী সাশা এবং সাড়ে পাঁচ বছর বয়সী কাইয়ের মা সম্প্রতি একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার আরও সন্তান থাকা উচিত ছিল। আরও কম বয়সে আরও সন্তান নিতে হতো।’ বাচ্চারা তাঁর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গী বদলে দিয়েছিল জানিয়ে বলেছেন, ‘আমি আকাশে ডাইভ দিয়েছি। খাঁচা ছাড়াই হাঙরের সঙ্গে সাঁতরেছি। সাফারি করতে গিয়ে পাঁচ ফুট দূরে সিংহের সঙ্গে থেকেছি। কিন্তু বাচ্চারা আসার পর এখন আমি আর বিপজ্জনক কাজগুলো করি না।’
তারকাদের ব্যস্ত জীবন। দুটো সন্তান সামলাতেই হাঁপিয়ে ওঠার কথা। কিন্তু এ ক্ষেত্রে স্বামী লিয়েভ শ্রাইবারের ভীষণ সহযোগিতা পান বলেই জানালেন, ‘বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে আমার চেয়ে লিয়েভ অনেক সাহসী। ও সব সময় বলে, বাচ্চারা যা করছে, তাদের সেটা করতে দাও।’ আইএএনএস।