নাখোশ জাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাডা পিঙ্কেট স্মিথ
জাডা পিঙ্কেট স্মিথ

তারকা স্বামী উইল স্মিথ, সন্তান জাডেন স্মিথ ও উইলো স্মিথকে সব ভালোবাসা উজাড় করে দিলেও মনের একটা বিশেষ জায়গায় স্থান দিয়েছেন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত র‍্যাপার টুপ্যাক শাকুরকে। তাই বন্ধুর নামে উল্টাপাল্টা কোনো কথা শুনতে নারাজ হলিউড তারকা জাডা পিঙ্কেট স্মিথ। আর এখন তো জ্বলে আছেন তেলেবেগুনে। কেননা, টুপ্যাক শাকুরকে নিয়ে নির্মিত ছবিতে ‘মিথ্যা’ তথ্য ব্যবহার করায় নাখোশ এই ‘আলী’ ছবির তারকা।

দফায় দফায় টুইটার বার্তায় জাডা তাঁর অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। টুপ্যাক শাকুরের জীবনী নিয়ে নির্মিত ছবি ‘অল আইজ অন মি’-কে তিনি বলেছেন ‘গভীর বেদনাদায়ক’। সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই ছবির ভক্ত নন। ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে টুপ্যাক জাডার জন্য কবিতা পড়ছে। কিন্তু বাস্তবে এমনটা কখনো হয়নি বলে জানান জাডা। তিনি বলেন, ‘প্যাক (টুপ্যাক) কখনোই ওই কবিতা আমাকে পড়ে শোনায়নি। এমনকি তাঁর বইতে ছাপানোর আগ পর্যন্ত আমি জানতামই না ওই কবিতার কোনো অস্তিত্ব আছে।’

ছবির বিরোধিতা করে জাডা টুইটারে আরও লিখেছেন, ‘প্যাক আমাকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আগে কখনোই বিদায় জানায়নি। তাঁকে হঠাৎ করে যেতে হয়েছিল আর এটা তাঁর ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত ছিল না। আমি কখনোই প্যাকের অনুরোধে তাঁর শোগুলোতে যাইনি। আমাদের কখনোই মঞ্চের পেছনে কোনো ঝগড়া হয়নি।’

১৯৯৬ সালে টুপ্যাক শাকুরের সঙ্গে জাডা পিঙ্কেট স্মিথ
১৯৯৬ সালে টুপ্যাক শাকুরের সঙ্গে জাডা পিঙ্কেট স্মিথ

জাডা অবশ্য ছবির অভিনয়শিল্পীদের কোনো দোষ দেননি। তিনি বলেছেন, এটা তাঁদের কোনো ভুল না। ছবিতে টুপ্যাক শাকুরের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত ডেমেরিটাস শিপ জুনিয়র এবং জাডার চরিত্রে অভিনয় করেছেন ক্যাট গ্রাহাম। তাঁদের উদ্দেশে জাডা লিখেছেন, ‘হৃদয় দিয়ে চরিত্রগুলো করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের যে কাজ দেওয়া হয়েছে, তা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন, উভয়কেই ধন্যবাদ।’

১৯৯৬ সালে মাত্র ২৫ বছর বয়সে খুন হন মার্কিন র‍্যাপার টুপ্যাক শাকুর। তাঁর জীবনী নিয়ে নির্মিত ছবি ‘অল আইজ অন মি’-এর নামকরণ করা হয়েছে তাঁর চতুর্থ অ্যালবামের নামে। ছবিটি মুক্তি পেয়েছে এ বছরের ১৬ জুন। দ্য হলিউড রিপোর্টার