নাটকেই নিকোলের পরিচিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

অস্কার পেয়েও মনে হয় এত দিন খ্যাতিটা অনুভব করতে পারেননি হলিউড তারকা নিকোল কিডম্যান । সম্প্রতি ‘দ্য অ্যালেন ডিজেনারেস শো’-তে উপস্থিত হয়ে জানালেন নাটক দিয়েই নাকি তাঁর হঠাৎ পরিচিতি হয়েছে।
কতবার লাল গালিচায় হেঁটেছেন হিসাব নেই। এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন। কিন্তু কেউ কোনো দিন পেছন থেকে ডেকে থামিয়ে দেয়নি। এবার যখন মানুষ তাকে দেখলেই থামিয়ে জিজ্ঞেস করে ‘পরের পর্বে কী হবে?’—তখন নিকোলের খুশিটা চোখে মুখে ঝলসে উঠে। এভাবেই তিনি বুঝতে পেরেছেন নিজের পরিচিতি কীভাবে ছড়িয়ে পড়ছে। আর এটার কারণ নাকি শুধুমাত্র এইচবিও-র একটি মিনি সিরিজে অভিনয় করা। সম্প্রতি সম্প্রচার শেষ হয়েছে নিকোল কিডম্যান অভিনীত ‘বিগ লিটল লাইস’ টিভি মিনি সিরিজ। নাটকটা সম্প্রচারের সময় তিনি বুঝতে পেরেছেন, এটা তাঁর জীবনের অন্যতম সফলতা; মোড় ঘুরে গিয়েছে ক্যারিয়ারের।
বিমানে কিংবা বিমানবন্দরে নারীরা তাঁকে থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করতেন পরের পর্বে কী ঘটবে। এমনকি স্বামী কিথ আরবানের বন্ধুরাও যখন উচ্ছ্বাস প্রকাশ করে বলত, বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে নিকোলের নাটক দেখতে বসবে, তখন নিকোলের উচ্ছ্বাসটাও যেন দ্বিগুণ হয়ে যেত। তাই নিকোল বলেন, ‘আমি তখন ভাবলাম, বাহ এটা কাজ করছে।’
অনুষ্ঠানের সঞ্চালক অ্যালেন ডিজেনারেস জিজ্ঞেস করলেন, কেন তিনি ভাবছেন এটা তাঁর হঠাৎ পরিচিতি, এর আগে কি কেউ তাঁকে চিনতেন না? উত্তরে নিকোল বলেন, এখন মানুষের ঘরে ঘরে, মুখে মুখে নিকোলের নাম। তাঁকে এ পর্যন্ত কোনো চলচ্চিত্র এতটা সফলতাটা এনে দিতে পারেনি। ছোট পর্দায় কাজ করে পরিবর্তনটা বেশ উপভোগ করেছেন বলে জানান এই ‘লায়ন’ তারকা। ইয়াহু সেলিব্রিটি।