নারীদের জয়জয়কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আনা ব্রুন  ও আদিনা পিনতিলিয়ে
আনা ব্রুন ও আদিনা পিনতিলিয়ে
• বিতর্কিত ছবি ‘টাচ মি নট’ পেয়েছে ‘গোল্ডেন বিয়ার’।
• দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি পোল্যান্ডের ছবি ‘মাগ’।
• ‘সিলভার বিয়ার’ পেয়েছেন অ্যানিমেশন ছবির পরিচালক ভেজ অ্যান্ডারসন।

সব রকম জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৬৮তম বার্লিন চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিচারকমণ্ডলী রোমানিয়ার আদিনা পিনতিলিয়ে পরিচালিত বেশ বিতর্কিত ছবি ‘টাচ মি নট’কে শ্রেষ্ঠ ছবি হিসেবে সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন বিয়ার’-এ ভূষিত করলেন। রোমানিয়ার সামাজিক প্রেক্ষাপটে তৈরি হলেও এর আর্থিক সহযোগিতায় অংশগ্রহণ করেছে জার্মানি, চেক-রিপাবলিক, বুলগেরিয়াসহ মোট চারটি দেশ। ‘কীভাবে তুমি ভালোবেসেছ, এটা আমাকে বলো, যাতে কীভাবে ভালোবাসতে হয়, আমি সেটা বুঝতে পারি।’ -এই প্রাথমিক প্রশ্ন নিয়ে তাঁর ছবির যাত্রা শুরু করেন চলচ্চিত্র নির্মাতা আদিনা পিনতিলিয়ে। নারী-পুরুষের যৌন অন্তরঙ্গতা সম্পর্কে একটি ব্যক্তিগত গবেষণা প্রকল্প হিসেবে যার শুরু।

প্রামাণ্যচিত্র আর কাহিনিচিত্রের মাঝখানে এক সীমারেখার ওপর দাঁড়িয়ে পরিচালক তাঁর কাল্পনিক চরিত্র (যাতে অভিনয় করেছেন লরা বেনসন) আর গবেষণায় অংশগ্রহণকারী তিনজন সাধারণ মানুষের যৌনতা-সম্পর্কিত এক শারীরিক আর মনোজাগতিক ভ্রমণকে এই ছবিতে উপস্থাপন করেছেন। কাল্পনিক চরিত্র, এক মধ্যবয়সী নারী, যিনি যৌন-অন্তরঙ্গতার জন্য ক্ষুধার্ত কিন্তু তিনি এটিকে একই সঙ্গে গভীরভাবে ভয় পান। নিজেকে এই বন্দিদশা থেকে মুক্ত করার জন্য তিনি আমন্ত্রণ করেন কয়েকজন মানুষকে, যাঁরা তাঁদের বাস্তব জীবনে যৌনতাকে শত শারীরিক প্রতিবন্ধিতা আর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও পুরো উদ্যমে যাপন করেন। প্রথম প্রদর্শনীতে অর্ধেকের বেশি দর্শক ছবি শেষ হওয়ার আগেই হল থেকে বেরিয়ে যান, চিত্র-সমালোচকদের মধ্যে তুমুল ঝড় তোলে এই বিতর্কিত ছবি। বোধ করি এই বিতর্ককে ত্বরান্বিত করার জন্যই বিচারকেরা ছবিটিকে পুরস্কৃত করেছেন। ছবির নির্মাতা পুরস্কার নেওয়ার সময় বোঝা গেল, তিনি নিজেও এত বড় সাফল্য আশা করেননি।

দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হয় আরেকজন নারী নির্মাতা মাওগোসাতা সুমভস্কা পরিচালিত পোল্যান্ডের ছবি ‘মাগ’। এটি একটি ‘ব্ল্যাক কমেডি’, যাতে একজন তরুণের মর্মস্পর্শী কাহিনি উঠে আসে, যিনি মুখে প্লাস্টিক সার্জারির পর নিজ গ্রামের মানুষ দ্বারা নিগৃহীত হন। নির্মাতা মাওগোসাতা সুমভস্কা এর আগে তিনবার তাঁর ছবি নিয়ে বার্লিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ২০১৫ সালে বডি ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারে ভূষিত হন।

মাওগোসাতা সুমভস্কা
মাওগোসাতা সুমভস্কা

এবারের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘সিলভার বিয়ার’ পুরস্কার প্রদান করা হয় অ্যানিমেশন ছবি ‘আইল অব ডগস’-এর পরিচালক ভেজ এন্ডারসনকে। তাঁর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন অভিনেতা বিল মারে, যিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র একটি কুকুরের সংলাপে কণ্ঠ দেন। সেড্রিক কান্স পরিচালিত ফরাসি ছবি দ্য প্রেয়ার-এ দুর্দান্ত অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ‘সিলভার বিয়ার’ পেয়েছেন মাত্র ২৪ বছর বয়সী এন্থনি বাজঁ। এই প্রথম তিনি একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন। ৬৮ বছর বয়সী প্যারাগুয়ের নাট্যাভিনেত্রী আনা ব্রুন অভিনয় করলেন জীবনে প্রথমবারের মতো একটি ছবিতে। দ্য হেরেসেস ছবিতে একজন সমকামী নারীর চরিত্র রূপায়ণের মাধ্যমে তিনিও ছিনিয়ে নিলেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবারের সিলভার বিয়ার।

বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রতিবারই আরেকটি সিলভার বিয়ার দেওয়া হয় চিত্রগ্রহণ, সম্পাদনা অথবা শিল্পনির্দেশনা বিভাগে। রুশ ছবি দোভলাতোভ-এর শিল্পনির্দেশনায় অবদান রাখার জন্য এই পুরস্কার পেলেন আরও একজন নারী-ইয়েলেনা অকোপনায়া।