নারীর বেশে এডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডি রেডমেইন
এডি রেডমেইন

গত বছর সেজেছিলেন বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের সাজে। এ জন্য জিতেছিলেন সেরা অভিনেতার অস্কারও। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, এ বছরও অস্কার–দৌড়ে এগিয়ে থাকতে পারেন অভিনেতা এডি রেডমেইন। কারণ, তাঁর নতুন ছবি দ্য ড্যানিশ গার্ল-এর প্রথম ঝলক চমকে দিয়েছে সবাইকে। প্রথম দফায় তাঁকে দেখে অনেকেই কোনো সুন্দরী অভিনেত্রী ভেবে ভুল করেছেন। কারণ, তিনিই তো তাঁর ছবির সেই ‘ড্যানিশ গার্ল’!

ছবির চরিত্রে এডি
ছবির চরিত্রে এডি

১ সেপ্টেম্বর দ্য ড্যানিশ গার্ল ছবির ট্রেলার প্রকাশিত হয় ইউটিউবে। চলতি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। এর মধ্যেই এর ট্রেলার দর্শকমহলে ফেলেছে বেশ সাড়া। আর ভেনিসে ছবির প্রদর্শনীর পর বোদ্ধারা এ নিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে উঠেছেন। সেখানে ছবির প্রদর্শনীর পর সবাই দাঁড়িয়ে এর শিল্পী ও কুশলীদের অভিবাদন জানিয়েছেন।
দ্য ড্যানিশ গার্ল ছবিটি তৈরি হয়েছে বিশ্বের প্রথম লিঙ্গ পরিবর্তনকারী নারী লিলি এলবের জীবনী নিয়ে। এটি নির্মাণ করেছেন টম হুপার। ইনার ওয়েগেনার নামের পুরুষ কীভাবে তাঁর স্ত্রীর সাহায্যে একজন পরিপূর্ণ নারী হয়ে ওঠেন, সেই গল্পই বলবে দ্য ড্যানিশ গার্ল। ত্রিভুজ প্রেমের উত্থান-পতনও আছে এই ছবিতে। এডি রেডমেইনই আছেন লিলি অর্থাৎ ইনারের ভূমিকায়। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন এলিসিয়া ভিকান্দার। আগামী নভেম্বরে হলিউডে মুক্তি পাচ্ছে ছবিটি। দ্য গার্ডিয়ান।