নার্ভাস নাইনটিজে লিওনার্দো ডি'ক্যাপ্রিও!

ক্রিকেটে ‘নার্ভাস নাইনটিজ’ বলে একটা কথা আছে। অর্থ, শত পূরণের মাইলফলকটা অধরা থেকে যাওয়া। একদিকে কপালে যেমন দুর্ভাগার তকমা জোটে, অন্য দিক থেকে দেখলে এরাই কিন্তু ক্রিকেটের সেরা খেলুড়ে। কারণ নব্বইয়ের ঘরে যেতে ব্যাটসম্যানকে অন্তত ৯০টি রান করতে হয়। দক্ষ খেলোয়াড় ছাড়া কি আর তা সম্ভব! অস্কারের মৌসুমে লিওনার্দো ডি’ক্যাপ্রিওর নাম এলেই সেই নার্ভাস নাইনটিজের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। মেধাবী এ মার্কিন তারকার কপালে পাঁচবার মনোনয়ন জুটলেও অধরা সে অস্কার অধরাই রয়ে গেছে। মনোনয়ন পাওয়াও অবশ্য চাট্টিখানি কথা না। তবুও তীরে এসে তরী ডোবার ক্ষোভ নিশ্চয়ই তাঁকে তাড়া করে ফেরে!
১৯৯৩ সালে ড্রামা ঘরানার ছবি ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ?’-এ জনি ডেপের মানসিক ভারসাম্যহীন ভাইয়ের চরিত্রে অভিনয় করেন ডি’ক্যাপ্রিও। এ ছবির মধ্যে দিয়েই প্রথম তাঁর পাদপ্রদীপের আলোয় আসা। ’৯৪ অস্কারে সেরা ‘সাপোর্টিং অ্যাক্টর’ বিভাগে প্রথমবারের মতো মনোনয়ন পান। কিন্তু সে বছর ‘দ্য ফিউজিটিভ’ ছবিতে টমি লি জোনস তাঁর সেরাটা ঢেলে দিয়েছিলেন। অস্কারটাও তাই উঠেছিল টমির ঘরেই।
পরবর্তী এক যুগে অস্কারের লাল গালিচা লিও অনেকবারই মাড়িয়েছেন। কিন্তু পুরস্কারের জন্য ২০০৫ সালের আগে মনোনয়ন পাননি। এর মধ্যে ‘টাইটানিক’, ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’, ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’-এর মতো জনপ্রিয় সব ছবি লিওর ঝুলিতে। নামটা বেশ ভালোই কামিয়েছেন। সেবার ‘দ্য অ্যাভিয়েটর’ ছবির জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনীত হন। পাঁচটি বিভাগে ‘দ্য অ্যাভিয়েটর’ অস্কার জিতলেও লিওর ভাগ্যে কিছু জোটেনি। ‘রে’ ছবির রে চার্লস চরিত্রে অভিনয়ের জন্য জেমি ফক্স পুরস্কার বাগিয়ে নেন।
বছর দুই পরেই আবার সেরা অভিনেতার মনোনয়ন পান ডি’ক্যাপ্রিও। এবারের চরিত্রটি হীরা চোরাচালানকারীর, ‘ব্লাড ডায়ামন্ড’ ছবিতে। দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়টা তিনি করেনও চমৎকার। ‘ব্লাড ডায়ামন্ড’-এও তাই। ছবির জন্য দর্শকদের হৃদয় জিতলেও অস্কারটা হাত ফসকে বেরিয়ে যায়। কারণ সেবার ছিল ফরেস্ট হুইটমেকার্সের আলো ছড়াবার সময়। ‘দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার জেতেন তিনি।
‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবিতে অভিনয়ের জন্য সেবার গোল্ডেন গ্লোব নিয়ে বাড়ি ফিরেছিলেন লিও। স্টকব্রোকারের চরিত্রে অসাধারণ সে অভিনয়ে অস্কারটাও ঘরে তোলার জোর গুঞ্জন উঠেছিল। মনোনয়ন পেয়েছিলেনও দুটি বিভাগে—সেরা অভিনেতা হিসেবে তো বটেই, সেরা ছবির প্রযোজক হিসেবেও। তবে ‘ডালাস বায়ার্স ক্লাব’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ ম্যাককনাহেই। সেরা ছবির পুরস্কার পেল ‘টুয়েলভ ইয়ারস এ স্লেভ’। সে রাতে লিও ঘরে ফিরলেন শূন্য হাতে।
চলতি বছরে জীবনের ষষ্ঠ অস্কার মনোনয়ন পেয়েছেন গত বছর মুক্তি পাওয়া ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে অভিনয়ের জন্য। সেরা অভিনেতা হিসেবে চতুর্থবার। যথেষ্ট শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখা যাচ্ছে তাঁর বিভাগে। লড়াইটা যে বেশ শক্ত হবে তা আর কেনো বাড়িয়ে বলা! এটাও সত্যি যে, জনি ডেপ, ব্র্যাড পিট, টম ক্রুজের মতো তারকারাও তো অস্কার পাননি। তাই বলে কী তাঁদের জনপ্রিয়তা একটুও কমেছে! তবুও অস্কার মানে একটা স্বীকৃতি! এবারো নার্ভাস নাইনটিজে আউট হবেন না-কি অস্কারের সোনালি মূর্তিটা হাতে নিয়ে ঘরে ফিরবেন, তা জানতে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত। হলিউডের ডলবি থিয়েটারে এ বছর জমকালো আসরটা বসবে সেদিন! ইটি অনলাইন।