নায়কদের পেছনে ফেলে বিজয়ী হলেন এমা

সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমতার কথা বলা হয়। তাহলে পুরস্কার প্রদানের সময় কেন নারী-পুরুষের বিভাজন থাকবে? কিছুদিন আগে এমন একটি প্রশ্ন উঠেছিল নানা মাধ্যমে। তাই বুঝি টনক নড়েছে এমটিভি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের। এই বছর থেকে আর নারী-পুরুষ হিসেবে আলাদা বিভাগে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার এমা ওয়াটসন জিতেছেন সেই ‘জেন্ডার নিউট্রাল’ প্রক্রিয়ায় সেরা অভিনয়শিল্পীর পুরস্কার।
বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন এমা। পুরস্কারটিকে তিনি বলছেন খুব অর্থবহ। কারণ, জেমস ম্যাকাভয়, হিউ জ্যাকম্যানের মতো অভিনেতাদের পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি।
‘হ্যারি পটার’ সিরিজের ‘হারমিয়ন’ বলেন, ‘অভিনয় মানে অন্য একজনের চরিত্রে ঢুকে যাওয়া। তাই এই বিষয়কে নারী-পুরুষ বিভাগে ভাগ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
শুধু এমটিভি মুভি ও টিভি অ্যাওয়ার্ডই নয়; ২০১১ সাল থেকে গ্র্যামি আয়োজকেরাও পুরস্কার প্রদানের ক্ষেত্রে নারী-পুরুষের বিভাজন উঠিয়ে ফেলেছেন। সূত্র: বিবিসি