নায়িকা প্যারিসের যাত্রা শুরু

বাবা পপ দুনিয়ার সংগীত কিংবদন্তি মাইকেল জ্যাকসন। মুন ওয়াক আর কণ্ঠের জাদু দিয়ে তিনি মাত করেছেন দর্শকদের। সেই পপসম্রাটের মেয়ে হাঁটবেন বাবার পথ ধরে—এমনই তো হওয়ার কথা। কিন্তু মেয়ে প্যারিস জ্যাকসন বেছে নিলেন অন্য পথ। তাঁর মন সিনেমা জগতে। তাই গান কিংবা নাচ থেকে দূরে সরে প্যারিস অভিনয়ে থিতু হতে যাচ্ছেন।
তবে হলিউডের গতানুগতিক ধারার ছবি নয়। অ্যামাজন স্টুডিওর নতুন একটি প্রকল্পের ছবিতে নিজের নাম লেখালেন প্যারিস। নাম ঠিক না হওয়া এ ছবিতে ‘নেলি’ চরিত্রে দেখা যাবে প্যারিসকে। অন্ধকার জগতের এক মার্কিন ব্যবসায়ী হ্যারল্ড সোয়িঙ্কাকে নিয়ে গল্প। যে একজন সাধারণ নাগরিক থেকে ক্রিমিনালে রূপান্তরিত হয়। পরিচালনায় আছেন ন্যাশ এডগারটন। ছবিতে আরও দেখা যেতে পারে জোয়েল এডগারটন, আমান্ডা সেফ্রাইড, শার্লিজ থেরন প্রমুখ। লি ড্যানিয়েলস এন্টারটেইনমেন্টের টিভি সিরিজ ‘স্টার’ দিয়ে প্যারিসের অভিনয় শুরু হয়।
সূত্র: ইয়াহু