নায়িকাদের ঝগড়া থামাতে থেরাপিস্ট নিয়োগ

একসঙ্গে কয়েকটি জিনিস থাকলে ঠোকাঠুকি তো হবেই। সেখানে যদি একই শুটিং সেটে থাকেন ৭ থেকে ১০ জন নায়িকা, তাহলে ঠোকাঠুকির মাত্রা কেমন হতে পারে, তা পাঠকই বুঝে নিন। সেই ঠোকাঠুকিকে নিয়ন্ত্রণ করতেই ‘ওশ্যানস এইট’ ছবির নির্মাতা ও প্রযোজকেরা এক অভিনব কায়দা অবলম্বন করেছেন। তাঁরা শুটিং সেটে একজন থেরাপিস্ট নিয়োগ দিয়েছেন। এই থেরাপিস্টের কাজ হবে নায়িকাদের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তা কাউন্সেলিংয়ের মাধ্যমে সারানো।
‘ওশ্যান’ সিরিজের এবারের ছবিতে দেখা যাবে হলিউডের এক ঝাঁক আলোচিত অভিনেত্রীকে। তাঁদের মধ্যে আছেন কেট ব্ল্যানচেট, সান্দ্রা বুলক, অ্যান হ্যাথাওয়ে, রিয়ানার মতো নাম। তা ছাড়া অতিথি হিসেবে এ ছবিতে দেখা যাবে কেটি হোমস, সেরেনা উইলিয়ামস, কিম কার্দাশিয়ান, অলিভিয়া মুনকে। এত সব নারী তারকাকে নিয়ে শুটিং করা এক কষ্টসাধ্য ব্যাপারই বটে। যদি ভুলেও এক অভিনেত্রীর সঙ্গে আরেক অভিনেত্রীর ঝগড়া বেঁধে যায়, তাহলে তো ছিঃ ছিঃ পড়ে যাবে হলিউডে। তাই সব ধরনের দ্বন্দ্ব এড়াতে সজাগ নির্মাতা-প্রযোজকেরা। এ ছবির শুটিং দলের সঙ্গে থাকা একটি সূত্র এস শোবিজ নামের এক মার্কিন নিউজ পোর্টালকে জানিয়েছে, ‘এরই মধ্যে কয়েকজন অভিনেত্রীর মধ্যে কিছু জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন সময়ই তাঁদের মতের মিল হচ্ছে না। যতটা সহজ ভাবা হয়েছিল কাজটিকে, শুটিং আসলে ততটা সহজে করা যাচ্ছে না। এমন হতাশাজনক পরিস্থিতি কাটাতে শুটিং সেটে একজন থেরাপিস্ট থাকার প্রয়োজন অনুভব করছেন সবাই।’ এই থেরাপিস্টের কাজ হবে শিল্পীদের মধ্যে কোনো দ্বন্দ্ব কিংবা মনোমালিন্যের আঁচ পেলেই পরিস্থিতি সামলে নেওয়া। প্রত্যেক শিল্পীর সঙ্গে সেটে আলাদাভাবে বসে তাঁদের সমস্যার কথা শোনা এবং সমস্যা সমাধানে করণীয় কী এ বিষয়ে শিল্পীদের পরামর্শ দেওয়া। মোট কথা, ঝগড়াঝাঁটির কারণে অভিনেত্রীদের মানসিক অবস্থা যেন বিগড়ে না যায়, থেরাপিস্ট সেদিকটিই দেখবেন।
‘ওশ্যানস এইট’ ছবিটি পরিচালনা করছেন গ্যারি রোজ। ছবিটি মুক্তি পেতে পারে ২০১৮ সালের ৮ জুন। তবে নায়িকায় নায়িকায় যদি এমন গোল বাধে এবং এ নিয়ে হয়ে যায় হট্টগোল, তাহলে এ ছবির ভবিষ্যৎ কী হবে, সেটা সময়ই বলে দেবে। আইএএনএস।