নিকোল কিডম্যান কী চান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

অভিনয়ে তিনি বড় পর্দা কাঁপিয়েছেন সদর্পে। ছোট পর্দায় কাজ করেও ব্যাপক প্রশংসিত। এখানে কাজ করে এ অভিনেত্রীর আনন্দের সীমা নেই। এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত হয়ে সে কথাই বলেছেন। সম্প্রতি অস্কারজয়ী এ অভিনেত্রী ছোট পর্দায় আরও নানান ধরনের গল্পের নাটক-সিরিয়ালে অভিনয়ের আগ্রহ দেখিয়েছেন। সিএনএন অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

নিকোল কিডম্যান জানান, ছোট পর্দায় বেশি বেশি কাজ করতে চান। শুধু তা-ই নয়, সিরিয়াস গল্পের পাশাপাশি তাঁর আগ্রহ হালকা মেজাজের গল্পের প্রতিও।
গতকাল ৩০ জুলাই ড্রামা সিরিজ ‘টপ অব দ্য লেক’-এর দ্বিতীয় সেশনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন সিরিজটির সহশিল্পী গোয়েন্ডলিন ক্রিস্টি, এলিজাবেথ মস ও এলিস ইংলার্ট। কিডম্যান বলেন, ‘আমি আমার অভিনয়জীবনে কখনো কোনো মজার চরিত্রে অভিনয়ের সুযোগ পাইনি। কিন্তু আমি সেসব চরিত্রে কাজ করতে আগ্রহী।’
ছোট পর্দা প্রসঙ্গে নিকোল বলেন, ‘এটা ভবিষ্যৎ কি না, জানি না। তবে এই মাধ্যমে আমার কাজের আগ্রহ বেড়েছে।’
সম্প্রতি সম্প্রচার শেষ হয়েছে নিকোল কিডম্যান অভিনীত ‘বিগ লিটল লাইস’ টিভি মিনি সিরিজ। এটি সম্প্রচারের সময় তিনি বুঝতে পেরেছেন, এটা তাঁর জীবনে অন্য রকম সাফল্য এনে দিয়েছে। মোড় ঘুরিয়ে দিয়েছে অভিনয়জীবনের। এই সিরিজে অভিনয়ের জন্য অ্যামি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়েছিলেন ৫০ বছর বয়সের এই অভিনেত্রী। তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। অনেকটা জোর দিয়ে বলেছেন, ‘আমি ভালোবেসে কমেডি চরিত্রেও অভিনয় করতে সমর্থ। কিন্তু আমি কখনোই এ ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাইনি। আমি সব সময় নাটকে অভিনয়ে প্রস্তাব পেয়েছি। এখন আমি যেকোনো কিছু করতে প্রস্তুত।’