নিজেকে তারকা মনে করেন না বেনেডিক্ট

‘ডক্টর স্ট্রেঞ্জ’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচের ভক্তের শেষ নেই। বিশেষ করে ড্রামা সিরিজ ‘শার্লক’-এ গোয়েন্দা শার্লক হোমসের চরিত্রে অভিনয় করার পর থেকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। কিন্তু নিজেকে তারকাই মনে করেন না এই বিনয়ী অভিনেতা।
বেনেডিক্টের ভাষ্য, ‘আমি নিজেকে একেবারেই বড়মাপের কোনো তারকা মনে করি না। আমার পরিবার ও খুব কাছের বন্ধুরা আমাকে আগের মতোই ভাবেন। এ বিষয়টি আমার খুব ভালো লাগে। আর নিজেকে সাধারণ ভাবতেই আমার বেশি ভালো লাগে।’
তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। তবে, বড় কোনো অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটতেও মন্দ লাগে না। নিজের শহর লন্ডনে যখনই ফিরে যান, তখন খুব ভালো লাগে। কষ্ট হয়, যখন কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে হয়।
বেনেডিক্টের স্ত্রী সোফি হানটার তাঁদের দ্বিতীয় সন্তান জন্ম দিতে যাচ্ছেন। তাঁদের বড় ছেলের নাম ক্রিস্টোফার। তবে, পরিবার বড় হচ্ছে বলে এটি ভাবার কোনো কারণ নেই যে চলচ্চিত্রে বেনেডিক্ট তাঁর ব্যস্ততা কমিয়ে দেবেন।
যুক্তরাষ্ট্রে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ মুক্তি পেয়েছে ৪ নভেম্বর। হিন্দুস্তান টাইমস।