নিজের অভিনয় অপছন্দ জনি ডেপের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডেপ
জনি ডেপ

অভিনেতা জনি ডেপকে নিয়ে দর্শকের মনে আগ্রহের শেষ নেই। এক একটা ছবিতে তাঁর বৈচিত্র্যময় অভিনয় কত মানুষেরই না মন কেড়েছে। সেই জনি ডেপ কিনা বলছেন, ছবিতে অভিনয়ের সময় তিনি শুধু সংলাপের ওপরই জোর দেন। বাকি সব তুচ্ছ। চিত্রনাট্য, গল্প ইত্যাদিকে নাকি থোড়াই কেয়ার করেন তিনি!


তার মানে, নিজের সংলাপ প্রক্ষেপণের মুনশিয়ানা দিয়েই তিনি প্রতিবার নতুন নতুন ছবির বৈতরণি পার হয়ে যান!

কথাগুলো ফিমেল ফার্স্ট পত্রিকাকে বলেছেন জনি ডেপ।

তবে এর চেয়েও ভয়াবহ কথা হলো, ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ তারকা নাকি নিজের অভিনয় দু চোখে দেখতে পারেন না। রীতিমতো অপছন্দই করেন নিজের অভিনয়কে। কম বয়সে অডিশনের সময়কার কথা মনে করে ডেপ বলেন, ‘সে সময় আমিও ছিলাম এক গর্দভ। একটি পরিবেশনার জন্য যোগ্য হয়ে ওঠার মতো সময় দেওয়া হয়নি অডিশনে। তাই, বিষয়টিকে কী করে আর​ও ভালো করা যায়, তা নিয়ে ভাবতাম আমি।’

জনি ডেপ শুধু সংলাপ প্রক্ষেপণকে মাথায় রেখেই অভিনয় করে যাচ্ছেন, আর কোনো নির্দেশ মানছেন না— এটা ভাবতে কেমন লাগে? এক এক চলচ্চিত্রে এক এক রূপে যার আবির্ভাব, তাঁর আত্মবিশ্বাসের মাত্রাটাও কিন্তু এর থেকেই বোঝা সহজ। পর্দায় নিজেকে যিনি সহ্যই করতে পারেন না, তাঁকেই পর্দায় দেখার জন্য সারিবদ্ধ হাজারো মানুষ এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে— নিজেকে পর্দায় ঘৃণা করুন আর না-ই করুন, অভিনয়টা ডেপ জানেন ভালোই! টাইমস অব ইন্ডিয়া। মিড-ডে।