নিরাপত্তার জন্য ৪০০ ফুলের টব

শুরু হলো ৭০তম কান চলচ্চিত্র উৎসব। উৎসব ঘিরে ফ্রান্সের কান শহর এখন নিরাপত্তার চাদরে ঘেরা। অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলা ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ। শহরজুড়ে নিরাপত্তারক্ষীদের পদচারণা, শত শত সিসিটিভি ক্যামেরা তো রয়েছেই, এর সঙ্গে যুক্ত হয়েছে ফুলের টব! হ্যাঁ, ঠিকই পড়েছেন, নিরাপত্তার জন্য কান শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ৪০০ ফুলের টব।
গত বছরের জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা মনে করেই কান শহরে বসানো হয়েছে ফুলের টব। নিস শহরে বাস্তিল উৎসবের আতশবাজি প্রদর্শনী দেখতে আসা দর্শকদের ওপর এক সন্ত্রাসী ট্রাক তুলে দিলে তাতে ৮৪ জন প্রাণ হারান। তেমন কোনো দুর্ঘটনা যেন কান উৎসবে না ঘটে, সে কথা ভেবে শহরের বিভিন্ন স্থানে এবার প্রায় ৪০০ বিশালাকার ফুল গাছের টব বসানো হয়েছে। কান শহরের মিউনিসিপ্যাল পুলিশের প্রধান ইভ দারোস জানিয়েছেন, উৎসবে অংশ নেওয়া সবার নিরাপত্তা নিশ্চিতে তাঁরা এ টবগুলো স্থাপন করেছেন। এ বিশাল টবগুলো ভিড়ের দিকে দ্রুত ছুটে আসা অনাকাঙ্ক্ষিত যানবাহনকে ঠেকাতে পারবে। সেই সঙ্গে শহরের বিভিন্ন জনবহুল ফুটপাত ঘিরে রাখতে ১৭৫ গজ লম্বা বিশেষ চেইন ব্যবহার করা হচ্ছে এবার। এই চেইনও দ্রুতবেগে ছুটে আসা গাড়ি ঠেকাতে পারবে।
তা ছাড়া ৫৫০টি সিসিটিভি ক্যামেরা দিয়ে উৎসবের প্রতিটি অংশে নজর রাখবেন নিরাপত্তাকর্মীরা।
গতকাল শুরু হওয়া এ উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। রয়টার্স।