নিলামে অবিশ্বাস্য দামে ঘড়ি কিনলেন পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিউরি ছবিতে ব্র্যাড পিট
ফিউরি ছবিতে ব্র্যাড পিট

‘ফিউরি’ ছবির অভিনেতা ব্র্যাড পিট সম্প্রতি এক নিলামে পঞ্চাশ লাখ পাউন্ড দিয়ে একটি হাতঘড়ি কিনেছেন। একান্ন বছর বয়সী এই মার্কিন অভিনেতা এই দুর্লভ ও মূল্যবান ঘড়িটির প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে, রেকর্ড দামে ‘প্যাটেক ফিলিপ’ ব্র্যান্ডের এই ঘড়িটি কেনেন তিনি।

নিলামের আয়োজকেরা জানিয়েছেন, তাঁদের জানা মতে ব্র্যাড পিটই সম্ভবত প্রথম ব্যক্তি, যিনি নিলাম থেকে এমন অবিশ্বাস্য বেশি দাম দিয়ে কোনো ঘড়ি কিনলেন।

সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এই ঘড়িটির জন্য নিলামের ডাক শুরু হয়েছিল চার লাখ ষাট হাজার পাউন্ড থেকে। ব্র্যাড পিটের বদৌলতে যা পঞ্চাশ লাখ পাউন্ডে গিয়ে ঠেকে। এক বিবরণে নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নিলামে কোনো ঘড়ির এত দর ওঠেনি।

ব্র্যান্ড পিট যে এই প্রথম এত মূল্যবান কোনো ঘড়ি কিনেছেন এমনটা নয়। গত বছর তিনি ২ লাখ পঞ্চাশ হাজার পাউন্ড দিয়ে তাঁর স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে উপহার হিসেবে একটি দুর্লভ ও মূল্যবান ঘড়ি কিনে দিয়েছিলেন।

ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন। এরপর ২০১৪ সালে এসে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন ‘ব্র্যাঞ্জেলিনা ´দম্পতি। এখন পর্যন্ত তিন সন্তানের জন্ম দিয়েছেন জোলি। তাঁর প্রথম সন্তান শিলোহ। পরে যমজ সন্তান নক্স ও ভিভিয়েনের জন্ম দেন তিনি। এ ছাড়া পিট-জোলির দত্তক তিন সন্তানের নাম-ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। ২০০২ সালে প্রথম সন্তান দত্তক নেন তাঁরা। জোলির ঘরে দত্তক নেওয়া যে তিন শিশু রয়েছে, এদের মধ্যে কম্বোডিয়া থেকে ম্যাডক্সকে, ভিয়েতনাম থেকে প্যাক্সকে এবং জাহারাকে ইথিওপিয়া থেকে দত্তক নিয়েছিলেন ব্র্যাঞ্জেলিনা দম্পতি। এ ছাড়া সম্প্রতি একটি সিরীয় শিশুকেও দত্তক নিয়েছেন তাঁরা। মিড-ডে।