নিলামে পল ওয়াকারের গাড়ি

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মার্কিন অভিনেতা পল ওয়াকার। ছবিতে উজ্জ্বল কমলা রঙের টয়োটা সুপ্রা মডেলের গাড়ি চালাতে দেখা গেছে তাঁকে। এবার পলের স্মৃতিবিজড়িত সেই গাড়িটি নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম উঠবে অন্তত দুই লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় আগামী মে মাসে গাড়িটি নিলামে তুলবে গাড়ি নিলাম আয়োজনকারী প্রতিষ্ঠান মেকাম অকশনস। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে এইসশোবিজ ডটকম।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির একটি দৃশ্যে গাড়িটি ব্যবহার করেছিলেন পল ওয়াকার। দৃশ্যটিতে ছবির আরেক অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে গাড়ির রেসে অংশ নেন পল। ভিন ডিজেলের সেডান ডজ চার্জার মডেলের গাড়ির সঙ্গে পলের গাড়িটি সমানতালে পাল্লা দেয়। একপর্যায়ে একটি ছুটন্ত ট্রেন ধেয়ে আসছে দেখেও গাড়ি দুটি লাফ দিয়ে রেল ক্রসিং পার হয়। টান টান উত্তেজনায় ভরা সেই দৃশ্যটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।