নিলামে লিজ টেলরের চিঠি

এলিজাবেথ টেলর-ভক্তদের জন্য সুসংবাদ। আপনার ক্রেডিট কার্ডটি সঙ্গে নিয়ে বসে পড়ুন ইন্টারনেটে। কারণ, পল ফ্রেজার কালেক্টেবলস ওয়েবসাইটে বিক্রি হতে যাচ্ছে এলিজাবেথের চিঠি! তাও আবার যে সে চিঠি নয়, অভিনেতা রিচার্ড বার্টনকে লেখা দুঃখভরা খাঁটি প্রেমপত্র!
এলিজাবেথ-রিচার্ডের প্রথমবারের বিয়ের দশম বর্ষপূর্তিকে স্মরণ করে লেখা হয়েছিল এই চিঠি। চিঠি লেখার মাত্র এক সপ্তাহ পরেই আলাদা আর ঠিক তিন মাস পরেই বিচ্ছেদ ঘটে এই তারকা দম্পতির। চিঠির সম্বোধনটাও চমৎকার। ‘আমার প্রিয় (এখনো আমার )’; ‘মাই ডারলিং (মাই স্টিল)’ বলে শুরু করে শেষ হয়েছে ‘তোমার (এখনো) স্ত্রী’ {‘ইয়োর (স্টিল) ওয়াইফ’}। পুরো চিঠিতেই আছে রিচার্ডের প্রতি এলিজাবেথের না-বলা ভালোবাসার কথা।
এমন বেদনাবিধুর একটা প্রেমপত্র চাইলেই কিনতে পারবেন। তবে কথা হলো এই, আয়োজকেরা আশা করছেন, চিঠিটির ন্যূনতম মূল্য হবে ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার। টাকায় কত হয় সেটা হিসাব করে তারপর কেনার কথা ভাবুন। পিটিআই