নীরবতা ভাঙলেন বিল কসবি

একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে চুপচাপই ছিলেন মার্কিন কৌতুকশিল্পী বিল কসবি। অবশেষে মুখ খুললেন তিনি। সম্প্রতি নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন বিল কসবি। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা চলতে থাকায় বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সংবাদমাধ্যমকে নিরপেক্ষ আচরণ করার অনুরোধ জানিয়েছেন বর্ষীয়ান এ তারকা। দুঃসময়ে পাশে থাকার জন্য স্ত্রী ক্যামিলি কসবির প্রশংসাও করেছেন ৭৭ বছর বয়সী বিল কসবি।
ম্যাসাচুসেটসের বাড়ি থেকে ফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় বিল কসবি বলেন, ‘তাঁরা চান না, আমি মিডিয়ার সঙ্গে কথা বলি।’ অবশ্য কারা তাঁকে মিডিয়ার সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। বিল কসবির মুখপাত্রও বিষয়টি নিয়ে কোনো রকম মন্তব্য করতে রাজি হননি।
সংবাদমাধ্যমকে নিরপেক্ষ আচরণ করার অনুরোধ জানিয়ে সাক্ষাৎকারে বিল কসবি বলেন, ‘আমার একটাই চাওয়া। আর তা হলো মিডিয়া যেন সুসাংবাদিকতার মানদণ্ড বজায় রাখে। আর এটা নিশ্চিত করতে চাইলে অবশ্যই নিরপেক্ষ মন নিয়ে সাংবাদিকতা করতে হবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের টেলিগ্রাফ ডটকম।
যৌন হয়রানির দায়ে সম্মাননা হারালেন বিল কসবি
৫০ বছরেরও বেশি সময় ধরে সংসার করছেন বিল কসবি ও ক্যামিলি কসবি। দুঃসময়ে পাশে থাকার জন্য স্ত্রীর প্রশংসা করে বিল কসবি বলেন, ‘আমার বিরুদ্ধে নানা অভিযোগ আর সাধারণ মানুষের সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। তার পরও সে আমার পাশে আছে। এটাকে ভালোবাসা ও নারীত্বের শক্তি বলতে চাই আমি। আমি আবারও বলছি, এটা ভালোবাসা ও নারীত্বের শক্তি।’
এখন পর্যন্ত ১৬ জন নারী কসবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁদের মধ্যে ১২ জনই দাবি করেছেন, মাদক সেবন করিয়ে যৌন হয়রানি করেছেন কসবি। গত নভেম্বর মাসের শেষদিকে কসবির বিরুদ্ধে এক নারী মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তকাজ শুরু করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। কসবির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগগুলো এখন পর্যন্ত প্রমাণিত না হলেও, এরই মধ্যে এ কেলেঙ্কারি তাঁর ব্যক্তি ও পেশাজীবনে নেতিবাচক নানা প্রভাব ফেলতে শুরু করেছে।