নেপালে গিয়ে খুশি বেনেডিক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনেডিক্ট কাম্বারব্যাচ
বেনেডিক্ট কাম্বারব্যাচ

‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির শুটিং করতে নেপালে গিয়েছিলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। দেশটি তাঁর কাছে নতুন নয়। কারণ মাঝে টানা এক বছর নেপালে ছিলেন এই হলিউড অভিনেতা। সেখানে তিনি একটি বৌদ্ধ বিহারের ভিক্ষুদের ইংরেজি শেখাতেন। আর অবসরে বেরিয়ে যেতেন নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
৪০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘নেপালের কাঠমান্ডুতে আবারও ফিরে যেতে পেরে আমার খুব ভাল লেগেছে। এই জায়গাটা আমার কাছে খুব আপন মনে হয়। কিন্তু আপন হলেও এটি অন্যসব জায়গা থেকে একদম আলাদা।’
‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিনেমার শুটিং ইউনিট নেপালে যাওয়ার সাত মাস আগে সেখানে ভয়াবহ ভূমিকম্প হয়। প্রথমে শুটিং দলের কেউ কেউ সেখানে গিয়ে কাজ করতে ভয় পেলেও বেনেডিক্ট ছিলেন সিদ্ধান্তে অনড়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ভূমিকম্প হওয়ার পরেও আমি আমার সিদ্ধান্ত পাল্টাইনি। আমি মনে করেছি, আমাদের সেখানে শুটিং করা উচিত। নেপাল খুব সুন্দর একটি দেশ।’
মার্ভেল স্টুডিওর সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ভারতে মুক্তি দেওয়া হবে ৪ নভেম্বর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।