নোলানের সেটে নিষিদ্ধ চেয়ার-পানির বোতল!

নির্মাতা ক্রিস্টোফার নোলান শুটিং সেটে চেয়ার আর পানির বোতল নিষিদ্ধ করেছেন। কারণ, এসব নাকি তাঁর মনোযোগ নষ্ট করে। এমন তথ্য দিয়েছেন নোলানের ডানকার্ক ছবির অভিনেতা মার্ক রায়লেন্স।
ইন্টারস্টেলার, দ্য ডার্ক নাইট, দ্য ডার্ক নাইট রাইজেস আর ইনসেপশন-এর মতো ছবিগুলোর নির্মাতা ক্রিস্টোফার নোলান। তাঁর সাম্প্রতিক ছবি ডানকার্ক। ২১ জুলাই মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে আলোচনার শেষ নেই। সবশেষ ডানকার্ক ও নির্মাতা ক্রিস্টোফার নোলানকে নিয়ে মুখ খুললেন ছবির অভিনেতা মার্ক রায়লেন্স। তিনি জানান, এ সময়ের নির্মাতা হলেও নোলান চেষ্টা করেন এখনো সেকেলে রীতিতে ছবি বানাতে। ডানকার্ক ছবিতেও তিনি অনেক ক্ষেত্রে পুরোনো কায়দা মেনে কাজ করেছেন, ব্যবহার করেছেন তুলনামূলক কম গ্রাফিক ইফেক্টসের কারসাজি। রায়লেন্স মজার এক তথ্য জানান নোলান সম্পর্কে। বললেন, ‘শুটিং চলার সময় মোবাইল ফোন ব্যবহার করেন না নোলান। এমনকি ই-মেইলও চেক করেন না। আর শুটিং সেটে তিনি শব্দ হয়—এমন চেয়ার আর পানির বোতল তো সহ্যই করতে পারেন না। কারণ, সেই শব্দ নাকি নোলানের মনোযোগ নষ্ট করে। পানির জন্য কিংবা শুটিংয়ের বিরতিতে বসে বিশ্রাম করার জন্য শিল্পী-কুশলীদের যেতে হয় সেটের বাইরে।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।