পঞ্চাশ পেরিয়েও সেরা আবেদনময় পুরুষ পল রুড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ পেরিয়েও বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ হবেন, হয়তো নিজেও সেটা ভেবে উঠতে পারেননি পল রুড !
ইনস্টাগ্রাম

‘পিপল’–এর বিচারে সেরা আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন হলিউড তারকা পল রুড। মার্কিন সাময়িকীটির অনলাইন পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে সাময়িকীটির প্রচ্ছদে পলের ছবি। পাশে লেখা, ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’।
৫২ বছর বয়সী এই তারকার ‘ক্লুলেস’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। তাঁর ঝুলিতে আছে ‘দিস ইজ ৪০’, ‘নকড আপ’-এর মতো ছবি। আর ‘অ্যান্টম্যান’ হিসেবে দর্শকের কাছে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। ৫০ পেরিয়েও বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ হবেন, হয়তো নিজেও সেটা ভেবে উঠতে পারেননি পল!

২০২১ সালে এক জরিপের ভিত্তিতে পলকে এই মুকুট দেওয়া হয়েছে। এর আগে জন লেজেন্ড, ডোয়াইন জনসন, ডেভিড বেকহ্যাম, ক্রিস হেমসওর্থ, ইদ্রিস এলবা, চ্যানিং টটাম, অ্যাডাম লিভিনের মতো তারকা এই অভিধায় ভূষিত হয়েছেন। এত দিন ‘চকলেট বয়’ হিসেবে পরিচিতি পেয়েছেন পল রুড। সঙ্গে যোগ করা যায় সিনেমা নিয়ে তাঁর অক্লান্ত পরিশ্রমের কথা। তাই বলে আবেদনময়! পল নিজেও যেন একটু চমকে গেলেন। তিনি মনে করেন, এই খবরে অনেকেই অবাক হবেন।

পিপল–এর প্রচ্ছদে পল রুড
ইনস্টাগ্রাম
‘ক্লুলেস’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় পল রুডের
ইনস্টাগ্রাম

পিপলকে সাক্ষাৎকারে এই হলিউড তারকা বলেন, ‘যখন লোকেরা শুনবে যে আমাকে এর জন্য বাছাই করা হয়েছে, তাঁরা বলবে, “কী?” তবে এটা আমার মিথ্যা বিনয় নয় যে আমার আগে আরও অনেক লোকের এই স্বীকৃতি পাওয়া উচিত ছিল।’
পল জানান, এই খবর শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী। এরপর হাসতে হাসতে লুটিয়ে পড়েন। পরে অবশ্য তিনি স্বামীর প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ প্রশংসা করেছেন তো কেউ চমকে গেছেন।