পর্দার ‘ক্লিওপেট্রা’: জিনগত ত্রুটি নিয়েই হয়ে ওঠেন হলিউডের অন্যতম সেরা
তাঁর চোখের পাতার দুটি স্তর ছিল। এটা একরকমের জিনগত সমস্যা। ত্রুটিপূর্ণ আঁখিপল্লব নিয়েই ভূমিষ্ঠ হয়েছিল তিনি। পরে সেটাই হয়ে দাঁড়ায় মোহময়ী রূপের উজ্জ্বল এক বৈশিষ্ট্য। এই রূপ দিয়েই বছরের পর বছর শাসন করেছেন হলিউড। তিনি এলিজাবেথ টেলর বা লিজ টেলর।
হলিউড তারকাদের অনেক প্রথারই সূত্রপাত করেছেন এলিজাবেথ টেলর। তিনি সর্বকালের সেরা ফ্যাশন আইকনদের একজন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের তালিকায় হলিউডের সর্বকালের সেরা নারী কিংবদন্তিদের মধ্যে ছয়জনের পরেই তাঁর নাম।
পুরো নাম এলিজাবেথ রোজমন্ড টেলর। এলিজাবেথ টেলরের ৯০তম জন্মবার্ষিকী আজ ২৭ ফেব্রুয়ারি। জন্মেছেন ১৯৩২ সালে, ইংল্যান্ডে। তাঁর শিরদাঁড়া সোজা নয়, অনেকটা ইংরেজি বর্ণমালার ‘এস’ আকৃতির মতো। ১৯৪৪ সালে ‘ন্যাশনাল ভেলভেট’ ছবির শুটিংয়ের সময় সেই বাঁকা হাড়ও ভেঙে ফেলেন। এলিজাবেথ টেলর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ফাদার অব দ্য ব্রাইড’, ‘আ প্লেস ইন দ্য সান’, ‘জায়ান্ট’, ‘সাডেনলি লাস্ট সামার’, ‘বাটারফিল্ড ৮ ’, ‘দ্য ভিআইপিজ’, ‘হুজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ?’ উল্লেখযোগ্য। তবে বড় পর্দায় তিনি ‘অমরত্ব’ লাভ করেছেন ‘ক্লিওপেট্রা’ হয়ে। জন্মদিনে এই তারকাকে নিয়ে থাকল কিছু চাঞ্চল্যকর তথ্য।
মাত্র ১০ বছর বয়সে ‘দেয়ার’স ওয়ান বর্নএভরি মিনিট’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন এলিজাবেথ টেলর। প্রথম জনপ্রিয়তা আসে ১৯৪৪ সালে, ‘ন্যাশনাল ভেলভেট’ ছবিতে অভিনয় করে।
১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন এলিজাবেথ। তাঁর প্রথম স্বামী ছিলেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী পরিবারের সন্তান কনরাড হিলটন জুনিয়র। হিলটন গ্রুপ অব হোটেলস তাঁদের পারিবারিক ব্যবসা। এলিজাবেথ ১৯৫০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সাতজনকে আটবার বিয়ে করেন। রিচার্ড বার্টনকে ১৯৬৪ সালে বিয়ে করে ১০ বছর পর ১৯৭৪ সালে তাঁরা আলাদা হয়ে যান। পরের বছরই আবার বিয়ে করেন। বছর না গড়াতেই নিজের ভুল বুঝতে পেরে বিচ্ছেদপত্র পাঠিয়ে দেন।
আটবার বিয়ে থেকে মোট পাঁচ সন্তানের মা হয়েছিলেন এলিজাবেথ। এ অভিনেত্রী ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ—এ ছবি তাঁকে দিয়েছিল সবকিছুই। এ ছবির জন্য তিনি ওই সময় ১০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। তবে ছবি মুক্তির পর সমালোচকেরা বলেছেন, এই অভিনয়ের কোনো আর্থিক বিনিময় হয় না।
এ অভিনেত্রী ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ—এ ছবি তাঁকে দিয়েছিল সবকিছুই। এ ছবির জন্য তিনি ওই সময় ১০ লাখ মার্কিন ডলার পারিশ্রমিক নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন।
পাঁচবার অস্কারে মনোনীত হয়ে জিতেছেন দুবার। ‘হুজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ?’ ও ‘বাটারফিল্ড ৮’ ছবিতে অভিনয় এলিজাবেথ টেলরকে এনে দিয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কারের স্বীকৃতি।
বিশ্বের সবচেয়ে দামি হীরার মধ্যে বেশ কয়েকটি ছিল এলিজাবেথ টেলরের ব্যক্তিগত সংগ্রহশালায়। রিচার্ড বার্টন তাঁকে ৩৩.১৯ ক্যারেটের হীরার আংটি উপহার দিয়েছিলেন। হীরার নাম হয়েছিল ‘দ্য এলিজাবেথ টেলর ডায়মন্ড’।
এলিজাবেথ টেলর সুগন্ধি খুব ভালোবাসতেন। একমুহূর্তও থাকতে পারতেন না পারফিউম ছাড়া। নিজেও বানিয়েছিলেন একটি সুগন্ধি। ভক্তরা সেই পারফিউমের নাম দিয়েছিলেন ‘ভায়োলেট আইজ’। হীরার অলংকারের প্রতি ছিল তাঁর তীব্র আকর্ষণ। ২০০২ সালে নিজের সংগ্রহ করা অলংকার নিয়ে বইও প্রকাশ করেন। নাম ‘মাই লাভ অ্যাফেয়ার উইথ জুয়েলারি’।
মেকআপ বাক্সের প্রতি ছিল তাঁর বিশেষ দুর্বলতা। নিজেও সময় নিয়ে মেকআপ করতেন একেবারে নিখুঁত না হওয়া পর্যন্ত।
এলিজাবেথ টেলর। তিনি সর্বকালের সেরা ফ্যাশন আইকনদের একজন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের তালিকায় হলিউডের সর্বকালের সেরা নারী কিংবদন্তিদের মধ্যে ছয়জনের পরেই তাঁর নাম।
পর্দার ক্লিওপেট্রা নিজেই বলেছিলেন, ‘যখন আমি একদমই তরুণী ছিলাম, তখন দীর্ঘ সময় যাবৎ সিনেমায় কোনো মেকআপ নিইনি। যখন থেকে মেকআপ নিতে শুরু করি, তখন নিজেই করেছি।’ ফ্যাশনসচেতন এই অভিনেত্রী বেশির ভাগ সময়ই নিজেই নিজের মেকআপ করে নিতেন। শোনা যায় ‘ক্লিওপেট্রা’ ছবিতে চোখের বিশেষ মেকআপ তিনি নিজেই করেছিলেন। ঠোঁটের মেকআপ করতেই সময় নিতেন আধা ঘণ্টার বেশি। চোখ সাজাতে সময় নিতেন দেড় ঘণ্টা!
বিশ্বের সবচেয়ে দামি হীরার মধ্যে বেশ কয়েকটি ছিল এলিজাবেথ টেলরের ব্যক্তিগত সংগ্রহশালায়। রিচার্ড বার্টন তাঁকে ৩৩.১৯ ক্যারেটের হীরার আংটি উপহার দিয়েছিলেন। হীরার নাম হয়েছিল ‘দ্য এলিজাবেথ টেলর ডায়মন্ড’।
এলিজাবেথ টেলরকে ‘লিজ’ বলা হলেও ব্যক্তিগতভাবে এই ডাক তিনি পছন্দ করতেন না। তাঁর মনে হতো, ‘লিজ’ ডাকটা সাপের ‘হিশশ’-এর মতো শোনায়! ৬৭ বছর বয়সে এলিজাবেথ টেলর সম্মানিত হন ‘ডেম কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ হিসেবে। রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে সম্মানিত করেন।
বার্ধক্যে পৌঁছে দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন এলিজাবেথ টেলর। ডায়াবেটিস, হিপ রিপ্লেসমেন্ট সার্জারি, হৃদ্রোগ, ব্রেন টিউমারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। দীর্ঘ কুড়ি বছর অসুস্থ থাকার পর ২০১১ সালের ২৩ মার্চ ‘চিরতরুণ’ এ অভিনেত্রীর মৃত্যু হয়েছিল।