পর্দার 'হেফনার' লেটো

সদ্য প্রয়াত মার্কিন মিডিয়া মোগল হিউ হেফনারের জীবন নিয়ে তৈরি হচ্ছে হলিউড ছবি। বড় পর্দায় প্লেবয় ম্যাগাজিনের এই সম্পাদকের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা জেরার লেটো।
হিউ হেফনার গত ২৭ সেপ্টেম্বর ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগেই হেফনারের কাছ থেকে তাঁর জীবনীর চলচ্চিত্রস্বত্বের অনুমতি নিয়েছিলেন এক্স মেন: দ্য লাস্ট স্ট্যান্ড নির্মাতা ব্রেট র্যাটনার। তিনিই জানান, হিউ হেফনারের চরিত্রে জেরার লেটোর অভিনয়ের ব্যাপারটি। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট বলেন, ‘জেরার আমার খুব পুরোনো বন্ধু। সে যখন আমার কাছ থেকে হেফের গল্পটা শুনেছে, তখনই বলেছিল “আমি এই চরিত্রটি করতে চাই, চরিত্রটিকে আরও জানতে চাই।” আমি সত্যিই বিশ্বাস করি, জ্যারেড চরিত্রটিতে নিষ্ঠার সঙ্গে অভিনয় করবে। এ সময়ের মেধাবী অভিনেতাদের একজন সে।’ ২০১৩ সালে ডালাস বায়ারস ক্লাব ছবিতে অভিনয় করে অস্কার জেতেন জেরার লেটো।
হিউ হেফনারের জীবনের কোন অংশ নিয়ে তৈরি হবে সিনেমা, তা এখনো স্পষ্ট করেননি নির্মাতা। তবে জানিয়েছেন, ১৯৫৩ সালে মাত্র ৮ হাজার ডলার ধার করে প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যা বের করেছিলেন হেফনার। তাতে ছিল মেরিলিন মনরোর বিবস্ত্র কয়েকটি ছবি। তখন থেকেই আবেদনময়ী ও স্বল্পবসনা মডেলদের ছবি ছাপিয়ে আলোচনায় উঠে আসে হিউ হেফনারের প্লেবয়। সেই শুরুর সময়ের সংগ্রামটাই দেখানো হতে পারে ছবিতে। সূত্র: বিবিসি।