পর্বতচূড়ায় কেট

ভয়ংকর লোকটি কী না খায়! সাপ, কেঁচো, লতাপাতা—সবই আছে তাঁর খাদ্যতালিকায়। সমুদ্র, পাহাড়, জঙ্গল আর অরণ্যচারী এই ভয়ংকর লোকটির নাম বিয়ার গ্রেইলস। দুঃসাহসী সব অভিযানে গেলে ওসব তাঁকে খেতেই হয়। তাঁর সেসব অভিযাত্রার সঙ্গে টেলিভিশন–দর্শকেরা প্রায় সবাই পরিচিত। ভাবতেই পারেন, কেট উইন্সলেটের বদলে কেন বিয়ারকে নিয়ে কথা হচ্ছে? কারণ, এবার এই পাগলাটে বিয়ার গ্রেইলসের অভিযানে যুক্ত হচ্ছেন টাইটানিক তারকা কেট উইন্সলেট। অস্কারজয়ী এই অভিনেত্রী গ্রেইলসের সঙ্গে চড়বেন স্নোডোনিয়া পর্বতের একেবারে চূড়ায়। গ্রেইলসের জন্য যদিও এ কাজ একেবারেই ডালভাত। কিন্তু কেটের কী অবস্থা হবে!
ব্রিটিশ অনলাইন মিরর সূত্রে জানা গেছে, টেলিভিশনের জন্য একটি অ্যাডভেঞ্চার শোর অংশ হিসেবে পর্বতে চড়বেন তাঁরা। অনুষ্ঠানটিতে পর্বতারোহণ ছাড়া আরও অনেক কিছুই থাকবে। প্রস্তুতি হিসেবে পাহাড়ে চড়া, খরস্রোতা জলে সাঁতার আর দুর্গম অঞ্চলে খাবার খোঁজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কেট। অনুষ্ঠানটি আগামী মাসেই টেলিভিশনে দেখানো হবে। এ অনুষ্ঠানটির অন্য পর্বগুলোতে গ্রেইলসের সঙ্গে অভিযানে গিয়েছিলেন বেশ কজন মার্কিন অভিনেতা-অভিনেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন কেট হাডসন, অভিনেতা জ্যাক এফরোন ও চ্যানিং ট্যাটাম।