পলের স্মরণে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলের স্মরণে এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর বন্ধু ভিন ডিজেল।
পলের স্মরণে এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর বন্ধু ভিন ডিজেল।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকার না ফেরার দেশে চলে গিয়েছিলেন ২০১৩ সালের নভেম্বরের ৩০ তারিখে। সড়ক দুর্ঘটনায় পলের মর্মান্তিক মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়েছিলেন তাঁর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির বন্ধুরা। এই অকালমৃত্যু বন্ধুদের থেকে পলকে বিচ্ছিন্ন করলেও গভীর ভালোবাসায় আজও তাঁকে স্মরণ করেন তাঁরা। পল ওয়াকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে পলকে স্মরণ করেছেন তাঁর বন্ধুরা।
সর্বশেষ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ৭ নম্বর ছবিতে অভিনয় করেছিলেন পল। এ ছবির অভিনয়শিল্পীদের মধ্যে দারুণ এক সখ্যই যেন গড়ে উঠেছিল। ভিন ডিজেল, জর্ডানা ব্রিউস্টার ছাড়াও অনেকেই হয়ে উঠেছিলেন ‘ব্রায়ান ও’কনর’ পল ওয়াকারের ভালো বন্ধু।
সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে পল ওয়াকারের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন ভিন ডিজেল, জর্ডানা সহ আরও কয়েকজন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির বন্ধু।
পলের সহ অভিনেতা ভিন ডিজেল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, তুমি এই মহাবিশ্বের যেখানেই থাক না কেন, সব সময় সঙ্গেই আছ, ভাই।
ভিন ডিজেল প্রয়াত বন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশে পল ওয়াকারের সঙ্গে তাঁর একটি ফোটোগ্রাফও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। পলের আরেক বন্ধু জর্ডানা ব্রিউস্টার পল ওয়াকার স্মরণে লেখক র‍্যালফ ওয়ালডো ইমারসনের লেখা উক্তির সহায়তা নিয়েছেন তাঁর অনুভূতির প্রকাশে।
দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেলেও পল ওয়াকারের মৃত্যুকে এখনো যেন কেউই মেনে নিতে পারেননি। অন্তত পলের স্বজন আর তাঁর ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত পলের বন্ধু ও ভক্তদের তাঁকে নিয়ে অসংখ্য স্মৃতিচারণ যেন এরই বহিঃপ্রকাশ।
পল ওয়াকার জন্মেছিলেন ১৯৭৩ সালের ১২ সেপ্টেম্বর, মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায়। ১৯৮৬ সালে ‘মনস্টার ইন দ্য ক্লজেট’ এবং ছোটপর্দার এক টিভি ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয়জীবনের শুরু। ১৯৯৯ সালে ‘ভার্সিটি ব্লুজ’ ছবিতে অভিনয় করার সুবাদে সবার নজর কাড়েন তিনি। এরপর আর পেছনে ফেরেননি পল। ২০০১ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে ব্রায়ান ও’কনর চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকচিত্ত জয় করেন পল। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ৭টি ছবিতে অংশ নিতে পেরেছিলেন পল। ৩০টি চলচ্চিত্র এবং সব মিলিয়ে ১১টি ছোটপর্দার ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
২০০৩ সালে ‘টু ফাস্ট টু ফিউরিয়াস’ এর জন্য ‘টিন চয়েস অ্যাওয়ার্ড’ পান পল। এ ছাড়া, ‘ইনটু দ্য ব্লু’, ‘জো রাইড’, ‘টাইম লাইন’সহ আরও বেশ কয়েকটি ছবির মূল চরিত্রে অভিনয় করেন তিনি।
প্রেমিকা রেবেকা ও মেয়ে মিদোকে নিয়ে পল ওয়াকার থাকতেন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায়।