পামেলার বিয়ে, ১২ দিনেই বিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের ১২ দিনের মাথায় বিচ্ছেদ চান পামেলা। ছবি: ইনস্টাগ্রাম
বিয়ের ১২ দিনের মাথায় বিচ্ছেদ চান পামেলা। ছবি: ইনস্টাগ্রাম

জানুয়ারির ২০ তারিখ। মানে, ১২ দিন আগের কথা। সেদিনই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালিবুতে গোপনে পঞ্চম স্বামীর গলায় মালা পরালেন কানাডিয়ান-মার্কিন অভিনয়শিল্পী ও মডেল পামেলা অ্যান্ডারসন। কিন্তু হায়, কে জানত রিলেশনশিপ স্ট্যাটাস ‘মেরিড’য়ের মেয়াদ হবে মাত্র ১২ দিন!

হলিউড রিপোর্টার আর ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, আর এক ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না ৫২ বছর বয়সী পামেলা আর ৭৪ বছর বয়সী মুভি মোড়ল জন পিটার্সের। পামেলা জনের দ্বিতীয় স্ত্রী। পামেলা নিজেই সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন। হলিউড রিপোর্টার লিখেছে, সদ্য এই ‘কাপল’ ‘আনকাপল’ হতে চান। এই সংবাদমাধ্যমকে পামেলা জানান, ‘জীবন একটা ভ্রমণ আর ভালোবাসা সেখানকার একটা প্রক্রিয়া। বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি নিয়ম অনুসারে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে।’

পামেলা বলেন, ‘বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’ ছবি: ইনস্টাগ্রাম
পামেলা বলেন, ‘বাস্তবতা মেনে নিয়ে আমরা দুজনে বিয়ের সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’ ছবি: ইনস্টাগ্রাম

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রাথমিকভাবে পামেলা জানিয়েছিলেন, ‘জন আর আমার অনাড়ম্বরপূর্ণ বিয়ে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে হইচই পড়ে গেল, তাতে আমি অবাক হয়েছি। এই আলোড়ন আমাকে স্পর্শ করেছে। তবে আমরা দুজনাই এখন একটু আলাদা থাকতে চাইছি। বোঝার জন্য যে, আমরা নিজেদের জীবন থেকে কী চাই আর একে অন্যের কাছে কী চাই।’

পামেলার কাছের এক সূত্র জানিয়েছে, ‘জনকে পামেলা অনেক বছর ধরে চেনেন। কিন্তু চেনা আর এক ছাদের নিচে থাকা যে ভিন্ন বিষয়, সেটি তিনি বুঝতে পেরেছেন। একটা মানুষের সঙ্গে বাস করলেই কেবল তাঁকে চেনা যায়। তা ছাড়া সম্ভব নয়। পামেলা তাই কানাডার ব্রিটিশ কলম্বিয়ার লেডিস্মিথে ফিরে যাচ্ছে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবেন তিনি। তাঁর এখন আসলেই একটু বিরতি দরকার।’

এর আগে পামেলা প্রেম করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম
এর আগে পামেলা প্রেম করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম

বিয়ের পর এএফপিকে বিয়ের খবর জানিয়ে পামেলা এই ‘ব্যাটম্যান’খ্যাত প্রযোজকের সম্পর্কে বলেছিলেন, ‘যে যা খুশি বলুক। সত্যি এটাই, যে মানুষটাকে আমি পরিবারের মতোই ভালোবাসি।’

মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা পামেলা অ্যান্ডারসন টানা পাঁচ বছর ছিলেন ‘বেওয়াচ’ সিরিজের সঙ্গে। এর আগে পামেলা প্রেম করছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে। অ্যাসাঞ্জকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠিও লিখেছিলেন পামেলা।

মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান পামেলা। ছবি: ইনস্টাগ্রাম
মার্কিন টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ ‘সি জে পার্কার’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান পামেলা। ছবি: ইনস্টাগ্রাম

২০০৭ সালের অক্টোবরে রিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল পামেলার। কিন্তু মাত্র দুই মাস পর বিচ্ছেদের আবেদন করেন আবেদনময়ী এ তারকা অভিনেত্রী। ২০০৮ সালের মার্চে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। রিকের আগে মার্কিন সংগীতশিল্পী ও ড্রামার টমি লি এবং মার্কিন গায়ক ও অভিনেতা কিড রককে বিয়ে করেছিলেন পামেলা।