পারকিনসন'স রোগে ভুগছিলেন রবিন

হলিউডের প্রখ্যাত কৌতুকশিল্পী ও অভিনেতা রবিন উইলিয়ামস মৃত্যুবরণ করেন ১১ আগস্ট। ক্যালিফোর্নিয়ায় নিজের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, আত্মহত্যা করেছেন রবিন। সম্প্রতি তাঁর স্ত্রী সুজান স্নেইডার জানিয়েছেন, বিষণ্নতা ও দুশ্চিন্তার পাশাপাশি পারকিনসন’স রোগে ভুগছিলেন রবিন উইলিয়ামস।
পারকিনসন’স মস্তিষ্কের রোগ। এই রোগের কারণে সারাক্ষণ হাত-পা কাঁপা, শরীরের মাংসপেশি অস্বাভাবিক শক্ত হয়ে থাকা, স্পর্শকাতরতা কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। পারকিনসন’স রোগ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন জেমস পারকিনসন। তাঁর নাম অনুসারেই এই রোগের নাম।
রবিন উইলিয়ামস কবে থেকে পারকিনসন’স রোগে ভুগছিলেন, কী কী উপসর্গ দেখা দিয়েছিল, সে সম্পর্কে তাঁর স্ত্রী বিস্তারিত কিছু না জানালেও, রোগটি প্রাথমিক পর্যায়ে ছিল বলে নিশ্চিত করেছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
এ প্রসঙ্গে গ্রাফিক ডিজাইনার স্নেইডার বলেন, ‘নিজের ওপর দারুণ নিয়ন্ত্রণ ছিল রবিনের। প্রচণ্ড সাহসী ছিল সে। নিজের বিষণ্নতা ও হতাশার বিরুদ্ধে একাই যুদ্ধ করছিল সে। শুধু তা-ই নয়, পারকিনসন’স রোগের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর এর বিরুদ্ধেও যুদ্ধ করছিল সে। জনসমক্ষে নিজের অসুস্থতা নিয়ে কথা বলার জন্য সে প্রস্তুত ছিল না।’
স্নেইডার আরও বলেন, ‘আমাদের চাওয়া, রবিনের এমন দুঃখজনক চলে যাওয়া দেখে অনেকেই সতর্ক হবেন। জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াতে সাহস হারাবেন না তাঁরা।’
রবিন উইলিয়ামসের আত্মহত্যা সম্পর্কে ক্যালিফোর্নিয়ার মেরিন কাউন্টির ডেপুটি করোনার (অপঘাতে মৃত্যুর কারণ তদন্তকারী) কিথ বয়ড জানিয়েছেন, গলায় বেল্ট বা কোমরবন্ধনীর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রবিন উইলিয়ামস। দরজার চৌকাঠে ফাঁস নিয়েছেন এই অভিনেতা।
বয়ড আরও জানিয়েছেন, ১১ আগস্ট রবিনের শয়নকক্ষের দরজায় টোকা দিয়েও সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ব্যক্তিগত সহকারী। আনুমানিক দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে। কী অবস্থায় রবিনকে পাওয়া গেছে, সেটিও জানান তিনি, তাঁর ডান কাঁধ দরজা স্পর্শ করে ছিল। শরীরটা দরজা বরাবর ছিল কিছুটা হেলানো অবস্থায়।
শুধু ফাঁস নিয়ে নয়, রগ কেটেও আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন রবিন। পুলিশ কর্মকর্তারা একটা পকেট ছুরি পেয়েছেন। ছুরির রক্তের সঙ্গে রবিনের কবজিতে শুকিয়ে যাওয়া রক্তের মিল পাওয়া গেছে। রবিন যে হতাশাজনিত রোগের চিকিত্সা নিচ্ছিলেন, সেটি নিশ্চিত করেছেন বয়ড।