পার্কিং লটে ফোর্ডের বিমান!

যে রাঁধে সে চুলও বাঁধে। কিন্তু চুল বাঁধা যদি ভালো না হয়? ফোর্ডের ক্ষেত্রেও মনে হচ্ছে এমনটাই হয়েছে। ‘স্টার ওয়ার্স’ তারকা হ্যারিসন ফোর্ড অভিনয়ে পাকা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শখের বশে বিমানও ওড়ান তিনি। তবে ভালো বৈমানিকের পরিচয়টা এখনো দিতে পারলেন না ৭৪ বছর বয়সী এই হলিউড তারকা। তাই তো এবার পার্কিং লটে নিজের বিমান অবতরণ করলেন!
গত সোমবার এই কাণ্ড ঘটিয়েছেন ফোর্ড। নির্দেশনা অনুযায়ী ক্যালিফোর্নিয়ার জন ওয়েনি বিমানবন্দরে তাঁর বিমানটি অবতরণ করার কথা ছিল। কিন্তু তিনি ভুল করে পাশের একটি ট্যাক্সিওয়েতে বিমান অবতরণ করেন। পাশেই রানওয়েতে আমেরিকান এয়ারলাইনের একটি বিমান ১১০ জন যাত্রী নিয়ে অপেক্ষা করছিল উড্ডয়নের। খানিক বাদে ওই বিমান নিরাপদভাবে উড়ে গিয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ফোর্ড কোনো মন্তব্য করেননি। এদিকে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেননি যে বিমানটি ফোর্ড নিজে চালাচ্ছিলেন।
বয়স যখন ৫০, তখন থেকে শখের বশে বিমান ওড়ানো শুরু করেন হ্যারিসন ফোর্ড। সে সময় বেসরকারি বিমান উড্ডয়নের লাইসেন্স পান তিনি। ফোর্ডের ব্যক্তিগত সংগ্রহে আছে বেশ কয়েকটি বিমান। তবে এ পর্যন্ত কয়েকবার বিমান নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বৈমানিক ফোর্ড। ১৯৯৯ সালে বিমান চালনা শিখতে গিয়ে, ২০১৪ সালে বিমানসহ একটি সিনেমার দৃশ্যে শুটিং করতে গিয়ে, ২০১৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গলফ কোর্সে বিমান দুর্ঘটনা ঘটিয়েছেন ফোর্ড। বিবিসি।