পিট-জোলির পরিবারে সপ্তম সদস্য!

সবকিছু ঠিক থাকলে এবার হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের বিশাল পরিবারে আসবে আরও এক নতুন অতিথি। কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইথিওপিয়া থেকে ম্যাডক্স, প্যাক্স ও জাহারাকে দত্তক নেওয়ার পর এবারে সিরিয়া থেকে কন্যাশিশু দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন পিট ও জোলি।
এ প্রসঙ্গে পিট-জোলির কাছের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ডেইলি এক্সপ্রেস ডটকম জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অসংখ্য অনাথ শিশুর হাহাকার দেখে বহুবার জোলির চোখ ভিজে উঠেছে। পিট ও জোলি মনে করছেন, সিরিয়া থেকে শিশু দত্তক নেওয়ার এখনই উপযুক্ত সময়। তাঁদের কন্যাশিশু দত্তক নেওয়ার সম্ভাবনাই বেশি।
পিট-জোলির ছয় সন্তানের মধ্যে শিলহ, নক্স ও ভিভিয়েনের জন্ম দিয়েছেন জোলি। আর ম্যাডক্স, প্যাক্স ও জাহারাকে দত্তক নিয়েছেন তাঁরা। ক্যানসারের ঝুঁকি কমাতে গত মাসে অস্ত্রোপচারের মাধ্যমে জোলির ডিম্বাশয় ও ফেলোপিয়ান টিউবস অপসারণ করতে হয়েছে। এ জন্য আর কখনোই সন্তান জন্ম দিতে পারবেন না তিনি।
গত তিন বছরে অন্তত ছয়বার সিরিয়ায় শরণার্থীশিবিরে গিয়েছেন জোলি। মানবসৃষ্ট বিপর্যয়ের হাত থেকে সিরিয়ার শিশুদের রক্ষা করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন জোলি। সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৭০ হাজার শিশু বাবা হারিয়েছে। এ ছাড়া তিন হাজার ৭০০ শিশুর বাবা-মাকে হত্যা করা হয়েছে কিংবা কারাবন্দী করে রাখা হয়েছে।
এদিকে পিট-জোলির কাছের একজন বন্ধু জানিয়েছেন, যথাযথ আইনগত প্রক্রিয়া মেনে সিরিয়া থেকে শিশু দত্তক নিতে চান পিট ও জোলি। সম্ভব হলে এবারের গ্রীষ্ম শেষ হওয়ার আগেই তা করতে চান। তাঁদের দুজনকেই কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। তবে ২০১৫ সালে তাঁদের কাজের ব্যস্ততা তুলনামূলকভাবে কম। আগামী জুনে ৪০ বছর পূর্ণ করবেন জোলি। তাঁর শারীরিক সমস্যাও কেটে গেছে। সব মিলিয়ে আনন্দেই কাটছে তাঁর সময়। খাবার টেবিলে ছোট্ট নতুন মুখ দেখার মধ্য দিয়ে এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে মুখিয়ে আছেন অস্কারজয়ী এ তারকা অভিনেত্রী।
আরও জানতে পড়ুন: