পিট-জোলির মধুচন্দ্রিমা-বিলাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিট

এখন পর্যন্ত বিলাসিতার জন্য বহুবারই খবরের শিরোনাম হয়েছেন হলিউডের তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। এবার হানিমুন বিলাসিতার কারণে খবরের শিরোনাম হলেন তাঁরা। মাল্টা দ্বীপে মধুচন্দ্রিমা কাটানোর পরিকল্পনা করেছেন পিট-জোলি। পাশাপাশি দ্বীপটিতে জোলির রচনা ও পরিচালনায় ‘বাই দ্য সি’ ছবিরও শুটিংও করতে চান তাঁরা। সেখানে একান্তে সময় কাটানোর জন্য স্থানীয় অধিবাসীদের দ্বীপ থেকে অন্যত্র চলে যাওয়ারও বন্দোবস্ত করেছেন তাঁরা। এ জন্য তাঁরা ব্যয় করেছেন এক লাখ ২০ হাজার পাউন্ড।
ফ্রান্সের শ্যাতো মিরাভেলের একটি গির্জায় গত ২৩ আগস্ট অনাড়ম্বর এক অনুষ্ঠানে বিয়ে করেন দীর্ঘ নয় বছরের সঙ্গী পিট-জোলি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ডেইলিস্টার ডটকম জানিয়েছে, পিট-জোলি যাতে একান্তে সময় কাটাতে পারেন সেজন্য মাল্টা দ্বীপের অনেক বাসিন্দাই কিছুদিনের জন্য দ্বীপটি ছেড়ে যেতে রাজি হয়েছেন। দ্বীপটিতে অবস্থানকারী ব্যবসায়ীরাও সেখান থেকে চলে যেতে রাজি হয়েছেন। এক লাখ ২০ হাজার পাউন্ড অবশ্যই অনেক লোভনীয় একটি প্রস্তাব।
এদিকে জানা গেছে, পিট-জোলি নির্ঝঞ্ঝাটে মধুচন্দ্রিমার সময় কাটানোর পাশাপাশি ‘বাই দ্য সি’ ছবির আবেগঘন কিছু দৃশ্যের শুটিংও করবেন। জোলির রচনা ও পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী বছর।