পিট-জোলির যৌথ পার্টি

মিষ্টি প্রেমের সম্পর্কটা এখন তেতো হয়ে গেছে। তবে সন্তানদের আনন্দের বিষয়টি যখন সামনে আসবে, তখন সব তিক্ততা ঢেকে রাখা হবে। অন্তত ব্র্যাড পিট তেমনটিই প্রত্যাশা করছেন। মেয়ের আনন্দের জন্য অন্তত জোলির মন একটু নরম হবে, তেমনটিই প্রত্যাশা অভিনেতা পিটের। মেয়ে শিলোহর জন্মদিনে তাই যৌথভাবে পার্টি আয়োজনের পরিকল্পনা করছেন তিনি। সেখানে ছয় সন্তান নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির উপস্থিতি কামনা করছেন।
গত বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে বিবাহবিচ্ছেদের আবেদনের পর থেকে পিট-জোলি দম্পতির সংসারে ঝড় বয়ে যাচ্ছে। ঝড় সামলাতে গিয়ে বিভিন্ন সময়ে সন্তানদের সঙ্গে বিচ্ছিন্নভাবে সময় কাটাচ্ছেন দুই তারকা। এমনকি সন্তানদের নিয়ে একসময় থেরাপিস্টের শরণাপন্ন হয়েছিলেন জোলি।

সন্তানদের ওপর সম্পর্ক ভাঙার কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে শঙ্কা ছিল তাঁর। এবার ব্র্যাড পিটও সন্তানদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ নিলেন। পুরো পরিবার নিয়ে মেয়ে শিলোহর জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন। আশা করছেন, তাঁর চেষ্টাকে সফল করতে সাহায্য করবেন জোলি। পিটের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, খুব আশা নিয়ে মেয়ের জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন পিট। জোলির সঙ্গে যৌথভাবে পার্টিটি আয়োজন করতে চান তিনি। পিটের আশা, শিলোহর খুশির জন্য জোলি তাঁর সব অভিযোগ-অনুযোগ অন্তত এক দিনের জন্য ভুলে যাবেন।
আগামী ২৭ মে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের প্রথম ঔরসজাত সন্তান শিলোহর ১১তম জন্মদিন। শিলোহর আগে জোলি ও পিটের ছিল তিনটি দত্তক সন্তান। সেই হিসাবে শিলোহ এ সাবেক তারকা দম্পতির চতুর্থ সন্তান। এস শোবিজ