পিটকে ভালোবাসাই নাকি জোলির 'কাজ'!

মার্কিন কৌতুক অভিনেতা রিটা রুডনার একবার জানিয়েছিলেন, বিয়ের বিষয়টা তাঁর কাছে বেশ মজারই মনে হয়। এতে নাকি সারা জীবন ‘জ্বালাতন’ করার মতো বিশেষ একজনকে কাছে পাওয়া যায়! জীবনের ব্যাখ্যা একেকজনের কাছে একেকরকম। ভালোবাসার মানুষটির ক্ষেত্রেও হয়তো তেমনই। বিষয়টা প্রত্যেকের কাছেই আলাদা। ভালোবাসার মানুষকে নিয়ে হলিউডের তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অবশ্য একটু ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। জোলি জানিয়েছেন, ব্র্যাড পিটকে ভালোবাসাই নাকি তাঁর ‘কাজ’।
বর্তমানে অস্কারজয়ী হলিউডের এই অভিনেত্রীর বেশ ব্যস্ত সময়ই যাচ্ছে। অবশ্য কাজ নিয়ে ব্যস্ত তো তিনি সব সময়ই থাকেন। অভিনয়, পরিচালনা, দাতব্য, সংসার, সব মিলিয়ে হাজারো কাজ তাঁর। তবে কী তেমনই আরেকটি ‘কাজ’ ব্র্যাড পিটকে ভালোবাসা? জোলি স্পষ্ট উত্তর দিয়েছেন- ‘না’।
এ প্রসঙ্গে জোলি বলেন, ‘ব্র্যাড আর আমি বেশ ভাগ্যবান। কারণ আমরা পরিবর্তনের মধ্যে একে অপরের ভেতরের সৌন্দর্যটা দেখতে পাই।’
আনুষ্ঠানিকভাবে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিয়েটা গত বছরে হলেও, পিট-জোলি দম্পতির এগারো বছরের ঘর। একজন অপরের এতটাই কাছের যে তাঁদের দুজনের নাম মিলিয়ে একনামে ডাকা হয় ‘ব্র্যাঞ্জেলিনা’। তাই বলে মাঝেমধ্যে একটু ঝগড়াবিবাদ যে হয় না, তা নয়। অকপটেই সে কথা স্বীকার করলেন জোলি। এগুলো তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করে বলেই মনে করেন তিনি।
জোলি বলেন, ‘আপনি যদি ওই লড়াইগুলো কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।’
দেখতে দেখতে বয়সও তাঁদের কম হলো না। এখন জোলি চল্লিশে পা রাখলেন, আর ব্র্যাড পিটের এখন চলছে বায়ান্ন। তবে বছরের হিসাব তাঁদের সম্পর্ককে মলিন করেনি। ৪০ বছরের পিটের চেয়ে ৫০ বছরের পিটে নাকি জোলি বেশি আগ্রহী। তিনি জানিয়েছেন, ‘সামনের বছরগুলোতেও আমরা একসঙ্গে থাকতে চাই।’
ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, ভিভিয়েন ও নক্স নামের ছয় সন্তান আছে এই দম্পতির।