পিটের বিরুদ্ধে নতুন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট
ব্র্যাড পিট

হলিউড জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পরপরই পিটের বিরুদ্ধে সন্তানের সঙ্গে বাজে ব্যবহার করার অভিযোগ ওঠে। বিষয়টি এফবিআই পর্যন্ত গড়ায়। লস অ্যাঞ্জেলেসের শিশু ও পারিবারিক সেবা বিভাগ বিষয়টিও এখনো খতিয়ে দেখছে। গতকাল মঙ্গলবার এই তদন্তের সময় আরও দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে এই বিভাগ।
আবার পিটের বিরুদ্ধে আনা হয়েছে নতুন অভিযোগ। অভিযোগে বলা হচ্ছে, পিট নাকি প্রায়ই সন্তানদের সামনে জোলিকে গালমন্দ করতেন। আর সন্তানেরাও বাবার সঙ্গে ভয়ে স্বাভাবিক হতে পারত না।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য এখন এই দম্পতির পরিচিত অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই তালিকায় রয়েছে তাঁদের গাড়িচালক ও গৃহকর্মীও। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে বলা হয়, পিট আর জোলির ছয় সন্তানের মধ্যে নাকি অনেকেই তাঁদের বাবাকে খুব ভয় পায়। কারণ, সন্তানদের প্রায়ই বকাঝকা করতেন তিনি। এমনকি ওদের সামনে স্ত্রী জোলির সঙ্গেও তাঁর ঝগড়া হতো।
একটি সূত্র জানায়, সন্তানদের মধ্যে সবচেয়ে বড় ম্যাডক্সই বাবাকে বেশি ভয় পেত। মা-বাবার বিচ্ছেদের পর যেদিন প্রথম পিট সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পান, সেদিনও নাকি বাবার সামনে বেশ জড়সড় হয়ে ছিল এই ছেলে। আর ব্যক্তিগত বিমানে সন্তানের সঙ্গে পিটের বাজে ব্যবহার করার ঘটনাটিও ঘটে ম্যাডক্সের সঙ্গেই। পেইজ সিক্স।