পুবের নায়ক, পশ্চিমের নায়িকা

৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবকে কোভিড–পরবর্তী সবচেয়ে ঝলমলে আসর বললে অত্যুক্তি হবে না। পরিচালক থেকে অভিনয়শিল্পী—জনপ্রিয় তারকায় ঠাসা ছিল এবারের আসর। ম্যাগি জিলেনহল, ম্যাট ড্যামন, কেট হাডসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, অলিভিয়া কোলম্যান, ডাকোটা জনসন, রেবেকা ফারগুসন, হ্যাভিয়ের বারদেম কিংবা পেনেলোপে ক্রুজ। কাকে ফেলে কার কথা বলব? আর শেষ বেলায় এসে মাতিয়ে দিলেন হেভিওয়েট জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। তবে দিনশেষে আলোচনায় নারী জাগরণ। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য—সব নারীদের দখলে। মাস কয়েক আগে হয়ে যাওয়া কান চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিলেন এক নারী। এমনকি এবারের উৎসবে বিচারকদের তালিকায় ছিল নারীদের আধিক্য। সাত বিচারকের চারজনই নারী। এটি বিশ্বজুড়ে ‘মিটু’ আন্দোলনের ফল কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনেলোপে ক্রুজ

সেরা অভিনেত্রী
পেনেলোপে ক্রুজ, ‘প্যারালাল মাদার্স’

গুনে গুনে একসঙ্গে আটটি ছবি করেছেন তাঁরা। পেড্রো আলমদোভারের কাছেই যেন নিজের প্রকৃত ছন্দ খুঁজে পান পেনেলোপে ক্রুজ। আর পেড্রো? ‘আমি খুবই চাহিদাসম্পন্ন পরিচালক। তিনি আমাকে সবকিছুই দিয়ে দেন, যা আমি চাই,’ ক্রুজকে নিয়ে পেড্রোর বক্তব্য।

প্রায় ২৫ বছরের পথচলা দুজনের। সেই ১৯৯৭ সালে লাইভ ফ্লেশ দিয়ে শুরু। তারপর একে একে অল অ্যাবাউট মাই মাদার, ভলভার, ব্রোকেন এমব্রাসেস, আই অ্যাম সো এক্সাইটেড, হুলিয়েটা, পেইন অ্যান্ড গ্লোরি করলেন তাঁরা। এবার হাজির প্যারালাল মাদার্স নিয়ে। পেনেলোপে ক্রুজ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমি বিশ্বের অসম্ভব ভাগ্যবতী একজন মেয়ে, যে তাঁর (পেড্রো আলমদোভার) সঙ্গে অনেক বছর ধরে কাজ করছে। তিনি আমাকে প্রচুর সুযোগ দিয়েছেন। প্রচুর চরিত্র দিয়েছেন, যা পরস্পর আলাদা। এমনকি আমার নিজের থেকেও।’

হ্যাপেনিং ছবির দৃশ্য

প্যারালাল মাদার্স-এ দারুণ একটি চরিত্র পেয়েছেন ক্রুজ। ছবিতে একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ক্রুজ। স্বর্ণসিংহের লড়াইয়ে ছবিটি হ্যাপেনিং-এর কাছে হেরেছে, তবে ঠিকই সেরা অভিনেত্রীর পুরস্কারটি তুলে এনেছেন ক্রুজ। তবে ছবিতে অভিনয়ের জন্য কষ্টও কম করতে হয়নি। ক্রুজের ভাষায়, ‘আমার অভিনীত কঠিন চরিত্রগুলোর মধ্যে এটি অন্যতম। তবে কখনোই মনে হয়নি আমি একা।’

জন আর্সিলা

সেরা অভিনেতা
জন আর্সিলা, ‘অন দ্য জব: মিসিং এইট’

২০১৩ সালে অন দ্য জব ছবিটি দিয়ে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে জায়গা করে নিয়েছিলেন ফিলিপিনো নির্মাতা এরিক মাতি। সেই ছবিরই সিকুয়েল অন দ্য জব: মিসিং এইট। ছবিটি স্বর্ণসিংহের লড়াইয়ে হেরেছে বটে, তবে এর এশীয় অভিনেতা জন আসিলা বাগিয়ে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।

‘অন দ্য জব: মিসিং এইট’ ছবির দৃশ্য

ছবিতে আসিলা একজন সাংবাদিক। যে তার সহকর্মীর নিখোঁজ হওয়া নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে। ভেনিসে সশরীর হাজির হতে পারেননি আসিলা। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ভিনদেশি। আমাদের ভাষা ও সংস্কৃতি ভিন্ন। তারপরও মনে হচ্ছে, আজ রাতে আমরা সবাই এক। আমি মনে করি, আপনি আমাকে বুঝতে পেরেছেন এবং আমরাও পরস্পরকে বুঝতে পেরেছি। কারণ, এটাই চলচ্চিত্রকলা।’

জন আসিলা ফিলিপাইনের অভিনেতা ও পরিবেশকর্মী। শৈশব থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত। পরে টেলিভিশন ও সিনেমাতে যুক্ত হন। তবে অভিনয়ে নিজের দেশকে ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ঢুকে পড়েছেন আসিলা।