পুরস্কার জিতল ম্যারাডোনা ভক্তের কাহিনি

৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবকে কোভিড–পরবর্তী সবচেয়ে ঝলমলে আসর বললে অত্যুক্তি হবে না। পরিচালক থেকে অভিনয়শিল্পী—জনপ্রিয় তারকায় ঠাসা ছিল এবারের আসর। ম্যাগি জিলেনহল, ম্যাট ড্যামন, কেট হাডসন, ক্রিস্টেন স্টুয়ার্ট, অলিভিয়া কোলম্যান, ডাকোটা জনসন, রেবেকা ফারগুসন, হ্যাভিয়ের বারদেম কিংবা পেনেলোপে ক্রুজ। কাকে ফেলে কার কথা বলব? আর শেষ বেলায় এসে মাতিয়ে দিলেন হেভিওয়েট জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। তবে দিনশেষে আলোচনায় নারী জাগরণ। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য—সব নারীদের দখলে। মাস কয়েক আগে হয়ে যাওয়া কান চলচ্চিত্র উৎসবেও সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছিলেন এক নারী। এমনকি এবারের উৎসবে বিচারকদের তালিকায় ছিল নারীদের আধিক্য। সাত বিচারকের চারজনই নারী। এটি বিশ্বজুড়ে ‘মিটু’ আন্দোলনের ফল কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্য হ্যান্ড অব গড’ ছবির দৃশ্য
ছবি: সংগৃহীত

সিলভার লায়ন গ্রান্ড জুরি প্রাইজ

‘দ্য হ্যান্ড অব গড’, ইতালি
দ্য হ্যান্ড অব গড [ঈশ্বরের হাত]—এই শব্দবন্ধের সঙ্গে জড়িয়ে আছে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নাম। ইতালির নির্মাতা পাওলো সরেন্তিনোর ছবির নাম তবে কেন দ্য হ্যান্ড অব গড? কারণ, শৈশবে সরেন্তিনোর জীবন বাঁচিয়েছিলেন ম্যারাডোনা। নিজের জীবনকে চিত্রিত করেছেন যে সিনেমায়, সেখানে ম্যারাডোনা থাকবেন না তো কে থাকবে?

আশির দশক। ইতালীয় ক্লাব নাপোলিতে খেলতে এলেন ম্যারাডোনা। এই ফুটবল কিংবদন্তিকে পেয়ে তরুণদের সে কী উন্মাদনা! সেই দলে আছেন সরেন্তিনোও। ১৯৮৭ সালের ৫ এপ্রিল। এম্পলি–নাপোলি খেলার দিন কাকতালীয়ভাবে তরুণ সরেন্তিনোর জীবন বাঁচিয়ে দিয়েছিলেন ম্যারাডোনা। সরেন্তিনোর বয়স তখন ১৬। ছুটিতে তাঁর মা–বাবার কাছে তাঁদের স্কি হাউসে যোগ দেওয়ার কথা। কিন্তু সেখানে গেলে ম্যারাডোনার খেলা মিস। তাই সেখানে আর গেলেনই না সরেন্তিনো। সেদিন তাঁদের স্কি হাউসে কার্বন মনো–অক্সাইড বিষে মারা যান তাঁর মা–বাবা। বেঁচে যান সরেন্তিনো। এভাবে পরোক্ষভাবে তাঁর জীবন বাঁচিয়েছিলেন ম্যারাডোনা।

পাওলো সরেন্তিনো ইতালির আর্ট হাউস সিনেমার বিখ্যাত নাম
ছবি: সংগৃহীত

মা–বাবার এই আচমকা মৃত্যু সরেন্তিনোর জীবনে একটা বড় ধাক্কা। আজীবন এটি নিয়ে ছবি বানাতে চেয়েছেন তিনি। জীবনের সেই ট্র্যাজেডিকে সেলুলয়েডে তুলতে তাঁর লেগে গেল ৩৪ বছর। বিধিনিষেধে যখন পৃথিবী চুপ, তাঁর তারুণ্যে তাকানোর সুযোগ পেলেন সরেন্তিনো।

ছবিটি ভেনিসে জিতে নিয়েছে সিলভার লায়ন গ্রান্ড জুরি প্রাইজ। ২০০১ সালে এই ভেনিসেই দেখানো হয়েছিল তাঁর প্রথম ছবি ওয়ান ম্যান আপ। ২০২১ সালে আবার ভেনিসেই পুরস্কৃত হলেন। পাওলো সরেন্তিনো ইতালির আর্ট হাউস সিনেমার বিখ্যাত নাম। অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা, কান, ভেনিস, প্রধান সব আন্তর্জাতিক পুরস্কারই তাঁর ঝুলিতে আছে ।