>

• লস অ্যাঞ্জেলেসে আজ রাতে বসবে বরাবরের মতো অস্কারের আসর।
• রাস্তার পাশে লাগানো গাঢ় লাল রঙের আয়তাকার বিলবোর্ড।
• এই পুরস্কার অনুষ্ঠান এ বছর ৯০তম বছর উদ্যাপন করতে যাচ্ছে।
হলিউডপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত রাতটি আজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজ রাতে (বাংলাদেশ সময় ৫ মার্চ ভোরবেলা) বসবে বরাবরের মতো অস্কারের আসর। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার অনুষ্ঠান এ বছর ৯০তম বছর উদ্যাপন করতে যাচ্ছে। ৯০ বছর বয়সী অস্কার নিয়ে কিছু বিশেষ আয়োজন।
রাস্তার পাশে লাগানো গাঢ় লাল রঙের আয়তাকার বিলবোর্ড। পরপর তিনটি। তাতে কালো অক্ষরে কতগুলো প্রশ্ন। শহরের পুলিশ প্রশাসনকে এক মায়ের প্রশ্ন এগুলো। ধর্ষণের শিকার মেয়ের অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থ পুলিশের টনক নড়াতে এ–ই যথেষ্ট। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে একজন মায়ের সংগ্রামের গল্প নিয়ে ছবি ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি’। এবারের অস্কার পুরস্কারে ছবিটি আছে আকর্ষণের কেন্দ্রে।
হবেই–বা না কেন? ছবিটি পাঁচটি পুরস্কার জিতেছে বাফটা অ্যাওয়ার্ডসে। অস্কারে সাতটি মনোনয়ন নিয়ে বেশ সুবিধাজনক জায়গায় আছে। তবে সব খবর ছাপিয়ে একটি বিষয় বেশ আলোচনায় এল পুরস্কার ঘোষণার ঠিক আগে আগে। ছবির তিন বিলবোর্ড দিয়ে প্রতিবাদের ব্যাপারটি বাস্তব জীবনে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন অনেকেই। রাস্তার পাশে কিংবা গাড়ির দুই দিকে লাল রঙের বিলবোর্ড টানিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে বিভিন্ন জায়গায়।
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছিল ১৭ জন। আহত হয়েছিল বেশ কজন। সেই ঘটনার সূত্র ধরে একটি অনলাইন গ্রুপ তিনটি ট্রাকে বিলবোর্ড লাগিয়ে দেয়। সেগুলো রাখা হয় ফ্লোরিডার সিনেটর মার্ক রুবিওর একটি অফিসের কাছে। বিলবোর্ড তিনটিতে লেখা ছিল ‘স্কুলে হত্যা’, ‘এবং এখনো বন্দুক নিয়ন্ত্রিত নয়’, ‘কী করে সম্ভব, মার্কো রুবিও?’ । অনলাইন অ্যাকটিভিস্ট গ্রুপ আভাজ এই বিলবোর্ড লাগিয়েছে। তাদের মতে, ফ্লোরিডায় বন্দুক নিয়ন্ত্রণ আইন বেশ শিথিল। এর প্রতিবাদে এই আয়োজন।
শুধু আমেরিকায় নয়, যুক্তরাজ্যের লন্ডনেও হয়েছে এমন প্রতিবাদ। গত জুন মাসে লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। তাতে ৭১ জনের প্রাণহানি ঘটে। ঘটনার এত দিন পরও এখনো অনেকে ঘরহারা। এর প্রতিবাদে ট্রাকে বিলবোর্ড টানিয়েছে কমিউনিটি সংগঠন জাস্টিস ফর গ্রেনফেল। সেখানে লেখা ছিল ‘৭১ জনের মৃত্যু’, ‘এখনো কেউ গ্রেপ্তার হয়নি’, ‘কী করে সম্ভব?’ সংগঠনটির মুখপাত্র ইভেট্টে উইলিয়ামস বলেন, ‘ন্যায় আনার ক্ষেত্রে বিজ্ঞাপনের শক্তি কী, তা ছবিটি দেখিয়েছে। সেখান থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি।’
অস্কারে কোন ছবিটি পাচ্ছে সেরা পুরস্কার? তা জানতে হলে থাকতে হবে অপেক্ষায়। তার আগেই অস্কার দৌড়ে থাকা ছবিটি প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে উঠল—এ যেন পুরস্কারের আগেই আরেক পুরস্কার পাওয়া।