পৃথিবী রক্ষায় ডিক্যাপ্রিওর বার্তা

এবারের অস্কারের আসরে ‘সেরা অভিনেতা’র পুরস্কার হাতে নিয়ে হলিউডের অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বলেছিলেন, ‘এই গ্রহকে নিশ্চিত ধরে নেবেন না।’ পুরস্কার পাওয়ার পর সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বিশ্বের জলবায়ু পরিবর্তন প্রসঙ্গেও কথা বলেন। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি নিয়ে কাজ করছেন ডিক্যাপ্রিও। সম্প্রতি গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমানোর প্রতিশ্রুতি নিয়ে বিশ্বনেতাদের কাছে একটি চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন এই ‘দ্য রেভেন্যান্ট’ তারকা।
এর জন্য জাতিসংঘের একটি অধিবেশনেও হাজির হয়েছিলেন এই তারকা অভিনেতা। সেখানে তিনি বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘সারা বিশ্ব এখন দেখছে। আপনারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কাজের জন্য প্রশংসিত হবেন আর এটি না করলে আপনাদের নিন্দিত হতে হবে।’ সারা বিশ্বের ১৭১টি দেশ জাতিসংঘের এই চুক্তিতে স্বাক্ষর করে।
ডিক্যাপ্রিও এই ঘটনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি মনে করেন, এই উদ্যোগ গ্রহণ করাটা কম বড় কথা নয়। তবে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে এই চুক্তির কোনো অর্থ থাকবে না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।