পোরশের দাবি, মৃত্যুর জন্য পলই দায়ী!

সড়ক দূর্ঘটনায় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকারের মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশি তদন্তের পর তাঁর কন্যা মিডো ওয়াকার মোটরগাড়ি নির্মাতা পোরশে-এর বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন। মিডোর ভাষ্য ছিল, তাঁর বাবা পল ওয়াকারের মৃত্যু হয়েছে তাঁকে বহন করা পোরশে ২০০৫ মডেলের ‘ক্যারেরা জিটি’ গাড়িটিতে খুঁত ছিল বলেই। এরপর পেরিয়ে গেছে দুই মাস। এত দিনে মুখ খুলল পোরশে। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। পোরশে-এর ভাষ্য, ঘটনা যাই হয়ে থাকুক না কেন, মৃত্যুর জন্য পল নিজেই দায়ী ছিলেন। নিজেদের বক্তব্যের স্বপক্ষে ব্যাখ্যাও দিয়েছে তারা।
পোরশে-এর দাবি, ২০০৫ ক্যারেরা জিটি ব্যবহারে উদ্ভূত সব ধরনের ঝুঁকি ও বিপদের সম্ভাবনা জেনেশুনেই স্বেচ্ছায় তা চালিয়েছিলেন পল ওয়াকার। তারা আরও উল্লেখ করেছে, অবশ্যম্ভাবী বিপদের কথা জেনেও তিনি এমনভাবে গাড়ি চালিয়েছিলেন যেন তিনি বিপদের সম্মুখীন হন।
বছরখানেক আগে ঘটা এই দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন পলের বন্ধু রজার রোডাস। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা খেলে গাড়িতে আগুন ধরে যায়। এরপরেই মৃত্যু হয় দুজনের। সে সময়ের পুলিশি তদন্তে পাওয়া যায়, ওই রাস্তায় ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ মাইল গতিবেগে চলার নিয়ম থাকলেও তাঁরা চালাচ্ছিলেন ৯৪ মাইল গতিতে।
বাদীপক্ষের দাবি, গাড়ির সিটবেল্টে সমস্যা না থাকলে হয়তো আগুন ধরার আগেই পল বেরিয়ে যেতে পারতেন। মিডোর দায়ের করা মামলার কাগজপত্রেও লেখা ছিল সে কথা, ‘গাড়িতে নিশ্চয় এমন সুযোগ-সুবিধার অভাব ছিল যা হয়তো দুর্ঘটনা ঠেকাতে পারতো, নিদেনপক্ষে হয়তো ক্ষতি কমিয়ে দিত।’
কিন্তু পোরশে জানিয়েছে, অপব্যবহার, যন্ত্রাংশ পরিবর্তন এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় গাড়িটির ক্ষয়ক্ষতির দায়দায়িত্ব পোরশের নয়। উপরন্তু তারা বলছে, ক্যারেরা জিটির প্রশ্নবিদ্ধ মডেলটি তৈরি বা বিক্রির সময়টাতে সেটি অত্যাধুনিকই ছিল।