পোলানস্কির পুরস্কার জেতায় আন্দোলন

‘দ্য পিয়ানিস্ট’, ‘ম্যাকবেথ’, ‘অলিভার টুইস্ট’ কিংবা ‘চায়নাটাউন’—এত চমৎকার ছবি যিনি নির্মাণ করেছেন, অস্কারজয়ী সেই ফরাসি-পোলিশ নির্মাতা রোমান পোলানস্কির জীবনেও অভাব নেই কালো অধ্যায়ের। জীবনে ভালোবাসা কম কুড়াননি। তবে ‘খারাপবাসা’ তার সঙ্গে পাল্লা দিয়ে জিতেও যেতে পারে। কারণ, নামের আগে নানা বিশেষণের সঙ্গে রয়েছে ‘ধর্ষক’ শব্দটিও। ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী মার্কিন কিশোরী সামান্থা গাইমারকে ধর্ষণ করেছিলেন তিনি।
তাই শুক্রবার ‘ফ্রান্সের অস্কার’খ্যাত সিজার অ্যাওয়ার্ডসের ৪৫তম আসরে সেরা পরিচালক বিভাগে পোলানস্কির নাম ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল আলোড়ন। অভিনেত্রী ও অনুষ্ঠানের উপস্থাপক ফ্লোরেন্স ফরেস্টিসহ বেরিয়ে যান অনেক নারী অভিনেত্রী, অনেকে দর্শক সারি থেকে প্রতিবাদ করেন। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া ও ‘মি টু’ আন্দোলনের প্রথম সারির তারকা অ্যাডেলে হেনেল ‘কী লজ্জা’ বলে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন। নারীবাদীরা রাস্তায় জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে শুরু করেন আন্দোলন। ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কারের জন্য পোলানস্কি পরিচালিত ‘অফিসার অ্যান্ড অ্যা স্পাই’ ছবিটি ১২টি মনোনয়ন পাওয়ার পরই শুরু হয়েছিল সেই আন্দোলন। তা এখন গণ-আন্দোলনে রূপ নিয়েছে। অবস্থা আগেই আঁচ করতে পেরে অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের সংস্কৃতিবিষয়কমন্ত্রী ফ্র্যাঙ্ক রিস্টার বলেছেন, ‘পোলানস্কির হাতে সেরা নির্মাতার পুরস্কার উঠলে খুব খারাপ হবে। এটিও ধর্ষণকে একভাবে সমর্থন দেওয়া।’
সেরা পরিচালক ও বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে বিভাগে দুটি সিজার জেতা এই পরিচালক আগেই জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি।