প্রকাশ্যে ঝগড়া পিট-জোলির!

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি হোটেলের বারান্দায় ঝগড়া করতে দেখা গেছে হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটকে। সে সময় সিগারেট ফুঁকতেও দেখা যায় জোলিকে।
এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বারান্দায় উত্তপ্ত বাক্যবিনিময় হয় পিট ও জোলির মধ্যে। হাত উঁচিয়ে পিট যখন ঝগড়া করছিলেন, তখন তাঁর চোখে-মুখে হতাশার ছাপ ফুটে উঠেছিল। তাঁকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে জোলির ওপর প্রচণ্ড বিরক্ত তিনি।
কেবল পিটই নন, জোলিও সে সময় পিটের সঙ্গে হাত উঁচিয়ে ঝগড়া করেন। জোলির হাতে তখন একটি সিগারেটও দেখা যাচ্ছিল। ঝগড়ার সময় তাঁদের দুজনকে প্রচণ্ড বিচলিতও দেখাচ্ছিল। হোটেলের বারান্দায় বেশ কিছুক্ষণ ঝগড়া করার পর রাগে হনহন করে সেখান থেকে হেঁটে চলে যান পিট। আর তখন জোলির চোখ ছলছল করছিল। তাঁকে দেখে মনে হচ্ছিল, আরেকটু হলেই কান্নায় ভেঙে পড়বেন ৩৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।