প্রথম সন্তানের আনন্দে কেঁদে ফেললেন ইভা-রায়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভা মেন্ডেসের সঙ্গে রায়ান গসলিং
ইভা মেন্ডেসের সঙ্গে রায়ান গসলিং

প্রথম সন্তানের বাবা-মা হওয়ার আনন্দে কেঁদে ফেললেন মার্কিন অভিনেত্রী ইভা মেন্ডেস ও কানাডীয় অভিনেতা রায়ান গসলিং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী ইভা। হাসপাতালে প্রথম সন্তানের মুখ দেখে আবেগ ধরে রাখতে না পেরে আনন্দে কেঁদে ফেলেন ইভা ও ৩৩ বছর বয়সী রায়ান।

২০১১ সালের সেপ্টেম্বর থেকে প্রেম করছেন ইভা ও রায়ান। শিগগির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করছেন তাঁরা। বরাবরই নিজেদের প্রেম নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে এ জুটি। কিন্তু ইভা অন্তঃসত্ত্বা হওয়ার খবর ফাঁস হওয়ার পর জুলাই মাস থেকে হঠাৎ করেই সবার আড়ালে চলে যান তাঁরা। গত শুক্রবার প্রথম মেয়ের মা-বাবা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে জনসমক্ষে কিছু জানাননি ইভা ও রায়ান। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ই-অনলাইন।

এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মেয়ের জন্মের পর অনেকটা চুপিসারেই মেয়ে ও ইভাকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের বাসায় ফিরে যান রায়ান গসলিং। মা হওয়ার আনন্দে বিভোর হয়ে আছেন ইভা। যিনি বাসায় যাচ্ছেন তাঁকেই বলছেন, তিনি মেয়েকে কতটা ভালোবাসেন! অনেক দিন থেকেই মা হতে চাচ্ছিলেন ইভা। অবশেষে স্বপ্ন পূরণ হওয়ায় তিনি দারুণ খুশি। সবাই বলছেন, মেয়ে দেখতে একদম ইভার মতোই হয়েছে।