প্রফেসর ল্যাংডন আসছেন

রবার্ট ল্যাংডনভক্তদের জন্য একটা সুখবর আছে। হার্ভার্ডের বিখ্যাত এই সিম্বলজিস্ট অধ্যাপককে আবার দেখা যাবে রুপালি পর্দায়। ড্যান ব্রাউনের বিখ্যাত সিরিজ উপন্যাস অবলম্বনে এর আগে দ্য ভিঞ্চি কোড আর অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস বানানো হয়েছিল। এবার আসছে সিরিজের তৃতীয় ছবি ইনফার্নো।
ছবিতে টম হ্যাংকসকে আবার ল্যাংডনের চরিত্রে দেখা যাবে। পরিচালকের দায়িত্বেও ফিরছেন খ্যাতনামা পরিচালক রন হাওয়ার্ড। ছবিটি প্রযোজনা করছে সনি পিকচার্স। ছবির প্রযোজক ব্রায়ান গ্রেজার। অভিন্ন নামে লেখা উপন্যাসটি অবলম্বনে চিত্রনাট্য লিখবেন ডেভিড কোপ।
এবারের গল্পে দেখা যাবে, ইতালির একটি হাসপাতালে জ্ঞান ফিরবে ল্যাংডনের। কিন্তু তাঁর কিছুই মনে পড়বে না। ঘটনার সূত্র ধরে এগোতে থাকবেন তিনি। বেরিয়ে আসবে রোমাঞ্চকর সব সূত্র। জানা যাবে, দান্তের মহান সৃষ্টি ‘ইনফার্নো’ অবলম্বনে এক খ্যাপা বিজ্ঞানী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চান মহামারি!
সুখবর তো শুনলেন, মন খারাপ করে দেওয়া খবরটাও শুনুন। ছবিটার শুটিংই শুরু হবে আগামী বছরের এপ্রিলে! টাইমস অব ইন্ডিয়া।