প্রিয়তিকে আঁকবেন জিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকসুদা আকতার প্রিয়তি
মাকসুদা আকতার প্রিয়তি

জিম ফিটজপ্যাট্রিক আয়ারল্যান্ডের চিত্রশিল্পী। প্রিয়তি জানান, ইউরোপজুড়েই চিত্রশিল্পী হিসেবে জিমের কদর আছে। বিপ্লবী চে গুয়েভারার সাদাকালো চিত্রকর্ম এঁকে তিনি খ্যাতি পেয়েছেন বিশ্বজুড়ে। সেই জিম ফিটজপ্যাট্রিক এবার আঁকবেন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল মাকসুদা আকতার প্রিয়তির ছবি।
গতকাল বুধবার আয়ারল্যান্ড থেকে ফোন করে খবরটি জানান প্রিয়তি। তিনি বলেন, ‘কয়েক দিন ধরে কথা হচ্ছিল জিমের সঙ্গে। গত মঙ্গলবার চুক্তি স্বাক্ষর হলো। চুক্তি অনুযায়ী আমার একটি ছবি আঁকবেন তিনি। আমি সপ্তাহে এক দিন সময় দেব। এভাবে পাঁচটি সেশনে তিনি এঁকে শেষ করবেন।’
নিজের ছবি আঁকতে দেওয়ার জন্য প্রিয়তি পাচ্ছেন ১০ হাজার ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ টাকা। প্রিয়তি জানান, বিখ্যাত এই শিল্পীর আঁকা ছবি আয়ারল্যান্ডে কমপক্ষে দেড়-দুই কোটি টাকায় বিক্রি হয়। নিজেকে রংতুলিতে মেলে ধরার অনুভূতি জানাতে গিয়ে প্রিয়তি বলেন, ‘তাঁর মতো বিখ্যাত চিত্রশিল্পী ছবি আঁকার জন্য আমাকে বেছে নিয়েছেন, এটা আমার সৌভাগ্য। আমি দারুণ খুশি। সবকিছু ঠিকমতো হলে দারুণ একটা কাজ হবে।’
প্রিয়তি প্রায় ১৫ বছর ধরে আয়ারল্যান্ডে বাস করছেন। এরই মধ্যে তিনি হয়েছেন ‘মিজ আয়ারল্যান্ড ২০১৪’ ও ‘মিজ আর্থ ২০১৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ। নিয়মিত মডেলিংয়ের পাশাপাশি আয়ারল্যান্ডের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন প্রিয়তি।